'বড্ড ভারী' স্কুল ব্যাগ আর বইতে হবে না পড়ুয়াদের, কোন ক্লাসে কত কেজি? নয়া নির্দেশিকা জারি রাজ্যে
আজ তক | ২৩ মে ২০২৬
স্কুলপড়ুয়াদের কাঁধে অতিরিক্ত বইয়ের বোঝা আর নয়। পড়ুয়াদের শারীরিক ও মানসিক চাপ কমাতে এবার বড় সিদ্ধান্ত নিল রাজ্যের স্কুল শিক্ষা দফতর। কেন্দ্রীয় শিক্ষানীতির আওতায় স্কুল ব্যাগের ওজন এবং হোমওয়ার্কের পরিমাণ নিয়ে নতুন নির্দেশিকা জারি করা হয়েছে। খুব শীঘ্রই এই নিয়ম কার্যকর করতে বলা হয়েছে রাজ্যের বিভিন্ন স্কুলকে।
নতুন নিয়ম অনুযায়ী, কোনও পড়ুয়ার স্কুল ব্যাগের ওজন তার শরীরের মোট ওজনের ১০ শতাংশের বেশি হতে পারবে না। ছোটদের উপর অতিরিক্ত চাপ যাতে না পড়ে, সেদিকেই বিশেষ নজর দিয়েছে শিক্ষা দফতর। শুধু ব্যাগের ওজন নয়, হোমওয়ার্ক নিয়েও কড়াকড়ি আরোপ করা হয়েছে।
জানা গিয়েছে, প্রাক-প্রাথমিক স্তরের শিশুদের কোনও ব্যাগ বহন করতে হবে না। প্রথম ও দ্বিতীয় শ্রেণীর পড়ুয়াদের ব্যাগের সর্বোচ্চ ওজন ২ কেজি ২০০ গ্রাম নির্ধারণ করা হয়েছে। তৃতীয় থেকে পঞ্চম শ্রেণীর ক্ষেত্রে ব্যাগের ওজন আড়াই কেজির মধ্যে রাখতে হবে। ষষ্ঠ ও সপ্তম শ্রেণীর পড়ুয়ারা ২ থেকে ৩ কেজির বেশি ওজন বহন করতে পারবে না। অষ্টম শ্রেণীর জন্য সেই সীমা ৪ কেজি। নবম ও দশম শ্রেণীর পড়ুয়াদের ব্যাগের ওজন সাড়ে ৪ কেজির মধ্যে রাখতে হবে। একাদশ ও দ্বাদশ শ্রেণীর ক্ষেত্রে সর্বাধিক ৫ কেজি পর্যন্ত অনুমতি দেওয়া হয়েছে।
হোমওয়ার্ক নিয়েও স্পষ্ট নির্দেশ দিয়েছে শিক্ষা দফতর। প্রথম ও দ্বিতীয় শ্রেণীর পড়ুয়াদের কোনও হোমওয়ার্ক দেওয়া যাবে না। তৃতীয় থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত সপ্তাহে সর্বাধিক ২ ঘণ্টা হোমওয়ার্ক দেওয়া যাবে। ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণীর পড়ুয়ারা দিনে সর্বাধিক ১ ঘণ্টা হোমওয়ার্ক পাবে। নবম ও দশম শ্রেণীর ক্ষেত্রে দিনে ২ ঘণ্টা পর্যন্ত হোমওয়ার্ক দেওয়ার অনুমতি রয়েছে।
এদিকে গরমের ছুটির মেয়াদও বাড়িয়েছে রাজ্য সরকার। সরকারি বিজ্ঞপ্তি অনুযায়ী, ১১ মে থেকে শুরু হওয়া গরমের ছুটি চলবে ৩১ মে পর্যন্ত। ইতিমধ্যেই সেই নির্দেশ মধ্যশিক্ষা পর্ষদ এবং উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদকে পাঠানো হয়েছে। ফলে প্রায় গোটা মে মাস জুড়েই ছুটি উপভোগ করতে পারবে পড়ুয়ারা। আগামী ১ জুন থেকে স্কুল খোলার কথা রয়েছে।
শিক্ষামহলের একাংশের মতে, দীর্ঘদিন ধরেই অতিরিক্ত ব্যাগের ওজন ও হোমওয়ার্কের চাপ নিয়ে অভিভাবকদের উদ্বেগ ছিল। নতুন নিয়ম কার্যকর হলে পড়ুয়াদের জন্য পড়াশোনার পরিবেশ অনেকটাই স্বস্তিদায়ক হবে বলেই মনে করা হচ্ছে।