• ১৪ বছর পর কলকাতায় আমেরিকার বিদেশসচিব, আজ কী কর্মসূচি রুবিওর?
    আজ তক | ২৩ মে ২০২৬
  • শনিবার কলকাতায় এলেন মার্কিন বিদেশসচিব মার্কো রুবিও। আর তাৎপর্যপূর্ণভাবে, ১৪ বছর পর কোনও মার্কিন বিদেশসচিব পশ্চিমবঙ্গের রাজধানীতে পা রাখলেন। 

    আজই রুবিও দিল্লিতেও যাবেন। সেখানে তিনি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে সাক্ষাৎ করবেন। এটি তাঁর প্রথম ভারত সফর।

    প্রসঙ্গত, চারদিনের জনন্য ভারত সফরে এসেছেন রুবিও। ২৩ মে থেকে ২৬ মে পর্যন্ত তিনি এ দেশে থাকবেন। এই সময় নানা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করবেন তিনি। আসলে এই সফর এমন সময়ে হচ্ছে, যখন বাণিজ্য, প্রতিরক্ষা, জ্বালানি এবং ইন্দো-প্যাসিফিক সহযোগিতা নিয়ে নয়াদিল্লি ও ওয়াশিংটনের মধ্যে কৌশলগত সম্পর্ক ক্রমশ ঘনিষ্ঠ হচ্ছে। 

    একইসঙ্গে, ১৪ বছর পর কোনও মার্কিন বিদেশসচিবের কলকাতা সফর হিসেবেও এটি বিশেষভাবে তাৎপর্যপূর্ণ। এর আগে ২০১২ সালে তৎকালীন মার্কিন বিদেশমন্ত্রী হিলারি ক্লিন্টন কলকাতা সফরে এসেছিলেন।

    রুবিওর কলকাতায় পৌঁছনোর বিষয়টি নিশ্চিত করে ভারতে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত সার্জিও গর। তিনি এক্স-এ জানান, রুবিও আজই দিল্লিতে যাবেন। সেখানে প্রধানমন্ত্রী মোদীর সঙ্গে সাক্ষাৎ করবেন। রুবিও আরও লেখেন,  'আগামী কয়েক দিনে বাণিজ্য, প্রযুক্তি, প্রতিরক্ষা, কোয়াড এবং আরও বহু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা ও অগ্রগতি হবে।

    কলকাতায় কেন এলেন মার্কো?
    মার্কিন স্টেট ডিপার্টমেন্ট এখনও রুবিওর কলকাতা সফরের পূর্ণ সূচি আনুষ্ঠানিকভাবে প্রকাশ করেনি। তবে মার্কিন কনস্যুলেট সূত্রে জানা গিয়েছে, তিনি মিসনারিজ অব চ্যারিটির সদর দফতর ‘মাদার হাউস’-এ যেতে পারেন। মাদার টেরেজা এই সংস্থাটি প্রতিষ্ঠা করেছিলেন।

    যতদূর খবর, কলকাতা এবং নয়াদিল্লির পাশাপাশি রুবিওর আগ্রা ও জয়পুর সফরেরও সূচি রয়েছে।

    রুবিওর এই সফরকে কূটনৈতিকভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করছেন বিশেষজ্ঞরা। তাদের দাবি, আসন্ন কোয়াড বৈঠক এবং জ্বালানি সঙ্কটের মধ্যে সহযোগিতার পরিস্থিতি তৈরি করা হতে পারে। ভারত সফরে রওনা হওয়ার আগে রুবিও বলেন, ভারতকে আরও বেশি জ্বালানি রফতানি করতে আগ্রহী যুক্তরাষ্ট্র।

    তিনি সাংবাদিকদের বলেন, 'ভারত যতটা জ্বালানি কিনতে চাইবে, আমরা ততটাই বিক্রি করতে চাই।' মায়ামিতে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি জানান, বর্তমানে আমেরিকায় রেকর্ড পরিমাণে জ্বালানি উৎপাদন ও রফতানি হচ্ছে।

    জ্বালানির দাম বৃদ্ধি এবং হরমুজ প্রণালী ঘিরে উদ্বেগ প্রসঙ্গে রুবিও ভারতকে 'দারুণ পার্টনার' বলে উল্লেখ করেন। পাশাপাশি তিনি জানান, কোয়াড গোষ্ঠীর মন্ত্রীদের সঙ্গে বৈঠকের অপেক্ষায় রয়েছেন তিনি।

    আগামী ২৬ মে অনুষ্ঠিত হতে চলা কোয়াড বৈঠকে রুবিওর পাশাপাশি ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর, অস্ট্রেলিয়ার বিদেশমন্ত্রী পেনি ওঙ্গ এবং জাপানের বিদেশমন্ত্রী তোশিমিতশু মোতেগি অংশ নিতে পারেন। সেই বৈঠকে আঞ্চলিক নিরাপত্তা, সংযোগ ব্যবস্থা এবং ইন্দো-প্যাসিফিক অঞ্চলে কৌশলগত সহযোগিতা নিয়ে আলোচনা হওয়ার সম্ভাবনা রয়েছে।

     
  • Link to this news (আজ তক)