পরীক্ষার্থী পাবেন OMR শিটের কার্বনকপি, নিয়োগে স্বচ্ছতা আনতে বড় ঘোষণা মুখ্যমন্ত্রী
প্রতিদিন | ২৩ মে ২০২৬
সরকারি পালাবদল হতেই নিয়োগ প্রক্রিয়ায় স্বচ্ছতা আনতে বড় পদক্ষেপ নিল শুভেন্দুর সরকার। এবার থেকে চাকরিপ্রার্থীদের ওএমআর শিটের কার্বন কপি দেওয়া বাধ্যতামূলক করতে হবে। শিয়ালদহে সরকারি উদ্যোগে আয়োজিত রোজগার মেলা থেকে ঘোষণা করেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তিনি বলেন, “কার্বন কপি প্রত্যেক যুবক যুবতীকে দেওয়া উচিত। এতদিন ওএমআর পদ্ধতিতে পরীক্ষা হলেও কার্বন কপি দেওয়া হয় না। স্বজনপোষণ, দুর্নীতি, এই শব্দগুলোর উৎপত্তি এখান থেকেই আসে। তাই এবার থেকে কার্বন কপি দেওয়া হবে।”
এদিন রোজগার মেলার মঞ্চে দাঁড়িয়েই মুখ্যমন্ত্রীর দাবি, “পূর্বের সরকারের আমলে লাগাতার নিয়োগ দুর্নীতিতে গোটা দেশের কাছে পশ্চিমবঙ্গের বদনাম হয়েছে।” নতুন সরকারের জমানায় নতুন নিয়োগ নীতি বলবৎ হবে বলেও জানান তিনি। সম্ভবত আগামী বাজেট অধিবেশনেই এই প্রস্তাব পেশ করা হতে পারে রাজ্যের তরফে।
মুখ্যমন্ত্রী জানান, “স্বচ্ছতার সঙ্গে মেধাবীদের কর্মসংস্থানের সুযোগ দেবে রাজ্য সরকার। স্বচ্ছতার সঙ্গে লিখিত পরীক্ষা, অ্যাকাডেমিক স্কোর, মৌখিকে অতিরিক্ত নম্বর রাখা যাবে না।” ভাইভার ক্ষেত্রে মিনিমাম নম্বর রাখতে হবে বলেও জানান তিনি। গত সরকারের আমলে মৌখিক পরীক্ষায় স্বজনপোষণের অভিযোগ উঠেছিল। ভাইভায় অতিরিক্ত নম্বর পাইয়ে দিয়ে ‘অযোগ্য’রাও সুযোগ পেয়েছিলেন নিয়োগে। সেই অভিযোগের কথা মাথায় রেখেই মৌখিকে মিনিমাম নম্বর রাখার সিদ্ধান্ত বলেই মনে করা হচ্ছে।