১ জুন থেকে রাজ্যে চালু হচ্ছে অন্নপূর্ণা যোজনা। সরকারি ঘোষণা অনুযায়ী, যে উপভোক্তারা লক্ষ্মীর ভাণ্ডারের সুবিধা পেতেন, তাঁরাই এই যোজনার অধীনে মাসিক ৩ হাজার টাকা আর্থিক সহায়তা পাবেন। পরবর্তীকালে নতুন আবেদনও গ্রহণ করা হবে। উত্তর ২৪ পরগনা জেলার মহিলাদের জন্য অন্নপূর্ণা যোজনার আর্থিক সহায়তা পেতে KYC প্রক্রিয়া নিয়ে বেশ কিছু বিভ্রান্তি তৈরি হয়েছে। সমাজমাধ্যমে https://www.ayn24p.in/ ওয়েবসাইটের লিঙ্ক ছড়িয়ে পড়েছে। এখান থেকে সত্যিই কি KYC করা যাচ্ছে? এটি কি আদৌ সরকারি লিঙ্ক? রাজ্যের সমস্ত জেলার বাসিন্দারাই কি এই লিঙ্ক থেকে KYC করতে পারেন? খোঁজ নিয়ে দেখল এই সময় অনলাইন।
অন্নপূর্ণা যোজনার (Annapurna Yojana) ডকুমেন্ট ভেরিফিকেশনের জন্য উত্তর ২৪ পরগনা জেলা প্রশাসনের পক্ষ থেকে অন্নপূর্ণা যোজনা-র ডেটা ভেরিফিকেশন করা হচ্ছে। https://www.ayn24p.in/ ওয়েবলিঙ্ক থেকে এই প্রক্রিয়া করা হচ্ছে। এই ওয়েবসাইটটি ভুয়ো নয়, জেলা প্রশাসনের তরফেই এটা করা হয়েছে।
প্রথম ধাপ: প্রথমে উপভোক্তাকে এই পোর্টালে গিয়ে ‘ব্লক/মিউনিসিপ্যালিটি’ এবং "গ্রাম পঞ্চায়েত/ওয়ার্ড’ সিলেক্ট করতে হচ্ছে। এরপর আবেদনকারীর ব্যাঙ্ক অ্যাকাউন্টের শেষ ৪টি সংখ্যা লিখে ‘Search’ বাটনে ক্লিক করতে হচ্ছে। তথ্য সঠিক হলে আবেদনকারীর নাম স্ক্রিনে চলে আসছে।
দ্বিতীয় ধাপ: আবেদনকারীর নামের পাশে ‘Update’ বাটনে ক্লিক করতে হচ্ছে। তথ্য সঠিক হলে আবেদনকারীর নাম স্ক্রিনে চলে আসবে।
তৃতীয় ধাপ: আবেদনকারীর প্রদর্শিত তথ্যগুলো ভালো করে মিলিয়ে নিয়ে Aadhaar Number এবং EPIC (ভোটার কার্ড) Number দিতে হচ্ছে। প্রয়োজনীয় আধার এবং ভোটার কার্ডের ছবি আপলোড করতে হচ্ছে (jpg/png/jpeg ফরম্যাট, সাইজ: সর্বোচ্চ 200 KB)।
চতুর্থ ধাপ: উপভোক্তা SIR ট্রাইব্যুনালে বা CAA-এর অধীনে আবেদন জমা করেছেন কি না সে ব্যাপারে এখানে তথ্য জানানো যাচ্ছে। একদম শেষে সব তথ্য যাচাই করে ‘Submit Verification’ বাটনে ক্লিক করতে হচ্ছে।
সম্প্রতি এই ওয়েবলিঙ্ক নিয়ে ধোঁয়াশা তৈরি হয়। এটি আদৌ সরকারি কোনও লিঙ্ক কি না সে ব্যাপারে নানা অভিমত ছড়িয়েছে। উত্তর ২৪ পরগনা জেলা প্রশাসনের অফিশিয়াল ওয়েবসাইটটি হলো– https://north24parganas.gov.in/। সেখানে https://www.ayn24p.in/ ওয়েবলিঙ্কটি কি আদৌ সঠিক, তা নিয়ে নানা প্রশ্ন উঠেছে।
বিষয়টি নিয়ে অতিরিক্ত জেলাশাসক (ট্রেজারি) নকুলচন্দ্র মাহাতো এই সময়কে বলেন, ‘যাঁরা এখন লক্ষ্মীর ভাণ্ডার পাচ্ছেন, তাঁদের কিছু ডকুমেন্ট এই লিঙ্ক (https://www.ayn24p.in/) থেকে আমরা কালেক্ট করছি। কারণ লক্ষ্মীর ভাণ্ডার প্রাপকদের ডেটা অন্নপূর্ণা ভাণ্ডারে মাইগ্রেশন করবে। তাঁদের KYC ভেরিফিকেশন হবে। বেশিরভাগ জেলায় এটা ম্যানুয়ালি করছে। তবে আমাদের জেলায় এত উপভোক্তা রয়েছেন, তাতে সমস্যা তৈরি হতে পারে। তাই অনলাইনে এই ব্যবস্থা করা হয়েছে।’
জেলা প্রশাসন সূত্রে খবর, এখনও পর্যন্ত ৯ লক্ষ ১২ হাজার উপভোক্তা এই লিঙ্কে গিয়ে নিজেদের ডেটা আপডেট করেছেন। ইতিমধ্যে জেলার অফিশিয়াল ওয়েবসাইট https://north24parganas.gov.in/-এও এই লিঙ্ক দেওয়া হয়েছে।
প্রশ্ন: জেলা প্রশাসনের তরফেই এই লিঙ্ক থেকে কি ডেটা কালেক্ট হচ্ছে?
উত্তর: হ্যাঁ, জেলা প্রশাসনের তরফেই এই লিঙ্ক থেকে লক্ষ্মীর ভাণ্ডার প্রাপকদের ডেটা কালেক্ট বা KYC করা হচ্ছে।
প্রশ্ন: এই লিঙ্কে ডেটা আপডেট না করলে কী হবে?
উত্তর: নকুলচন্দ্র মাহাতো জানিয়েছেন, যদি কেউ এই লিঙ্কে KYC আপডেট না করেন, তা হলে ম্যানুয়ালি নিজের ব্লক বা মিউনিসিপ্যালিটিতে গিয়ে EPIC বা আধার কার্ডের ফটোকপি জমা দিয়ে আসতে পারেন।
প্রশ্ন: বাইরের জেলার উপভোক্তারা এই লিঙ্কে KYC করতে পারবেন?
উত্তর: না, এই লিঙ্ক শুধুমাত্র উত্তর ২৪ পরগনা জেলার জন্য। অন্যান্য জেলার কেউ এই লিঙ্ক থেকে KYC আপডেট করতে পারবেন না।
প্রশ্ন: কীসের জন্য এই লিঙ্ক তৈরি করা হয়েছে?
উত্তর: মূলত, উত্তর ২৪ পরগনা জেলার ‘লক্ষ্মীর ভাণ্ডার’ প্রাপকদের আপডেটেড তথ্য যাচাই করে নেওয়ার জন্যেই এই লিঙ্ক চালু করা হয়েছে।