• অস্ত্র মামলায় অভিযুক্তকে গ্রেপ্তার করতে গিয়ে মার খেল পুলিশ! ডোমকলে গ্রেপ্তার ৭
    এই সময় | ২৩ মে ২০২৬
  • বেআইনি অস্ত্র মামলায় অভিযুক্তকে গ্রেপ্তার করতে গিয়ে শুক্রবার রাতে স্থানীয় বাসিন্দাদের একাংশের হাতে নিগৃহীত হলেন পুলিশের কর্মীরা। তাঁদের মারধরও করা হয় বলে অভিযোগ। জখম হয়েছেন এক কনস্টেবল এবং এক এসআই। মুর্শিদাবাদের ডোমকলের এই ঘটনায় পরে সাত জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

    ডোমকলের এসডিপিও শুভম বাজাজ বলেন, ‘পুলিশকে হেনস্থা ও মারধরের ঘটনায় এখনও পর্যন্ত সাত জনকে গ্রেপ্তার করা হয়েছে। ধৃতদের শনিবার মুর্শিদাবাদ সিজেএম আদালতে হাজির করিয়ে পুলিশি হেফাজতে নেওয়ার আবেদন করা হবে।’

    শুক্রবার রাতে ডোমকলের কুচিয়ামোড়া এলাকায় ঘটনাটি ঘটেছে। পুলিশ সূত্রে খবর, বেআইনি অস্ত্র মামলায় অভিযুক্ত আজ়মত শেখকে গ্রেপ্তার করতে গিয়েছিল পুলিশ। পুরোনো একটি মামলায় আদালতই তাঁর বিরুদ্ধে গ্রেপ্তার পরোয়ানা জারি করেছিল। সেই মতো পুলিশ এলাকায় পৌঁছতেই তাদের উপর চড়াও হন স্থানীয়েরা। অভিযোগ, পুলিশকর্মী এবং অফিসারদের মারধর করা হয়।

    পুলিশ সূত্রে জানা গিয়েছে, এলাকায় অভিযুক্তের একটি চায়ের দোকান রয়েছে। সেখানেই যান তদন্তকারীরা। দোকানের সামনে থেকে আজ়মতকে আটক করা হতেই পুলিশকে ঘিরে ধরে মারধর করে অভিযুক্তকে ছিনিয়ে নিয়ে যাওয়া হয় বলে অভিযোগ। স্থানীয় সূত্রে খবর, ঘটনার পর থেকেই এলাকা থমথমে। এলাকায় বিশাল পুলিশবাহিনী মোতায়েন করা হয়েছে।

  • Link to this news (এই সময়)