চিরচেনা কাজেই হল 'মহাবিপদ', আম পাড়তে গিয়ে গেল প্রাণ! অথৈ জলে পরিবার
News18 বাংলা | ২৩ মে ২০২৬
গাছে চড়ে আম ভাঙতে গিয়ে মর্মান্তিক পরিণতি এক ব্যক্তির। আম পাড়তে গিয়ে পা পিছলে পড়ে মৃত্যু হল এক পঞ্চাশোর্ধ ব্যক্তির। ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য মালদহের ভুতনি থানার পশ্চিম নারায়নপুর মেহেরচাঁদ টোলা এলাকায়। জানা গিয়েছে মৃত ব্যক্তির নাম, নগেন্দ্রনাথ মণ্ডল (৫২)। বাড়ি ভুতনি থানার পশ্চিম নারায়নপুর মেহেরচাঁদ টোলা এলাকায়।
পরিবার ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এদিন বিকেলে বাড়ির পাশেই নিজের আমবাগানে আম পাড়তে যান নগেন্দ্রনাথ। মূলত বাজারে বিক্রির উদ্দেশ্যেই তিনি আম সংগ্রহ করছিলেন। জানা যায়, এরপরই গাছে উঠে কিছুটা আম পাড়ার পর আচমকাই তাঁর পা পিছলে যায়। ভারসাম্য হারিয়ে গাছ থেকে নিচে পড়ে গুরুতর আহত হন তিনি। ঘটনাটি পরিবারের সদস্যদের নজরে আসতেই দ্রুত তাঁকে উদ্ধার করে প্রথমে মানিকচক গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
সেখানে অবস্থার অবনতি হলে তাঁকে স্থানান্তরিত করা হয় মালদহ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে। কিন্তু চিকিৎসাধীন অবস্থায় রাতেই তাঁর মৃত্যু হয়। মৃতের এক আত্মীয় মনোজ মণ্ডল জানান, “নগেন্দ্রনাথ মণ্ডল সারা বছর কৃষিকাজের পাশাপাশি আমচাষ ও আম বিক্রির কাজ করতেন। সেদিনও বাজারে বিক্রির উদ্দেশ্যে আম পাড়তে গিয়েই এই দুর্ঘটনার শিকার হন তিনি।”
জানা গিয়েছে, পরিবারের একমাত্র উপার্জনকারী ছিলেন নগেন্দ্রনাথ। তাঁর পরিবারে রয়েছেন স্ত্রী ও দুই নাবালক সন্তান। স্বামীর মৃত্যুতে ভেঙে পড়েছেন স্ত্রী মালারানি মণ্ডল। তিনি বলেন, “এখন সংসার কীভাবে চলবে, কিছুই বুঝে উঠতে পারছি না। বাড়িতে উপার্জন করার মতো আর কেউ নেই।” একমাত্র উপার্জনকারীকে হারিয়ে চরম অনিশ্চয়তার মুখে পড়েছে পরিবার। সরকারি সহায়তার আবেদন জানিয়েছেন পরিবারের সদস্যরা। এই মর্মান্তিক ঘটনায় শোকস্তব্ধ হয়ে পড়েছে পরিবার-সহ গোটা গ্রাম।