• বেআইনি নির্মাণের 'অ্যান্টিবায়োটিক', শিলিগুড়িতে মাঠে নামছে ১৩ সদস্যের বিশেষ দল
    News18 বাংলা | ২৩ মে ২০২৬
  • আর কোনও ছাড় নয়। এবার শহরজুড়ে বেআইনি নির্মাণের বিরুদ্ধে কার্যত যুদ্ধ ঘোষণা করল শিলিগুড়ি মিউনিসিপ্যাল কর্পোরেশন। রাজ্য সরকারের কড়া নির্দেশের পর নড়েচড়ে বসেছে পুর প্রশাসন। ইঞ্জিনিয়ারদের নিয়ে গঠন করা হয়েছে ১৩ সদস্যের বিশেষ দল, যাঁরা আগামী দিনে শহরের অলিগলি চষে বেআইনি নির্মাণের খোঁজ চালাবে। ফলে শিলিগুড়ির বহু বাড়ি, বহুতল ও নির্মীয়মাণ বিল্ডিং এবার পুরনিগমের নজরদারির আওতায় আসতে চলেছে।

    শুক্রবার সাংবাদিক বৈঠকে মেয়র গৌতম দেব স্পষ্ট ভাষায় জানিয়ে দেন, অনুমোদিত নকশা ছাড়া তৈরি হওয়া বিল্ডিং এবং নিয়ম ভেঙে চলা নির্মাণকাজ চিহ্নিত করা হবে এই বিশেষ দলের মূল লক্ষ্য। প্রতি ১৪ দিন অন্তর রিপোর্ট জমা দেওয়ার নির্দেশও দেওয়া হয়েছে। অর্থাৎ এবার শুধুমাত্র অভিযোগের ভিত্তিতে নয়, সরাসরি এলাকায় গিয়ে নজরদারি চালাবে পুরনিগম।

    পুর সূত্রে খবর, শহরের একাধিক ওয়ার্ডে বেআইনি নির্মাণ এখন কার্যত ওপেন সিক্রেট। বিশেষ করে ১, ২, ৪, ৫, ৩৫, ৪২ এবং ৪৩ নম্বর ওয়ার্ডে পরিস্থিতি সবচেয়ে উদ্বেগজনক বলে মনে করছে প্রশাসনের একাংশ। অভিযোগ, বহু বহুতল ও বাড়ি নির্মাণ হয়েছে কোনও বৈধ অনুমোদন ছাড়াই। কোথাও আবার নকশা অনুমোদিত হলেও বাস্তবে তৈরি হয়েছে সম্পূর্ণ ভিন্ন কাঠামো। শুধু তাই নয়, বহু ক্ষেত্রে জমির বৈধ কাগজপত্র নিয়েও উঠছে বড় প্রশ্ন।

    এদিকে রাজ্য সরকারের নতুন নির্দেশিকায় অবৈজ্ঞানিক ছাদ বাগান নিয়েও জারি হয়েছে সতর্কতা। নিম্নমানের নির্মাণ সামগ্রী ব্যবহার এবং অতিরিক্ত চাপের কারণে ভবিষ্যতে বড় দুর্ঘটনার আশঙ্কাও উড়িয়ে দিচ্ছে না প্রশাসন।  শহরবাসীর দাবি, শুধু সমীক্ষা নয়, এবার দোষীদের বিরুদ্ধে হোক কড়া ব্যবস্থা। কারণ এঅই বেআইনি নির্মাণগুলি যোকনও সময় হয়ে উঠতে পারে বডসড় বিপদের কারণ। তাই সকলেই চাইছেন, দ্রুত ব্যবস্থা নেওয়া হোক।
  • Link to this news (News18 বাংলা)