• ইদের ছুটি ২৮ মে, বিজ্ঞপ্তি জারি নবান্নের
    এই সময় | ২৩ মে ২০২৬
  • ইদ-উদ-জোহা (বকরি ইদ) উপলক্ষে ছুটি ২৮ মে, জানিয়ে দিল নবান্ন। ২৮ মে বকরি ইদ উপলক্ষে সরকারি ছুটি ঘোষণা হয়েছে। শুক্রবার রাজ্যের অর্থদপ্তরের তরফে প্রকাশিত বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, ২০২৫ সালের ২৭ নভেম্বর যে বিজ্ঞপ্তি জারি করা হয়েছিল, তাতে ২৬ মে ২০২৬ (মঙ্গলবার) ও ২৭ মে ২০২৬ (বুধবার) যথাক্রমে ইদ-উদ-জোহার আগের দিন ও ইদ-উদ-জোহার দিন ছুটি ঘোষণা করা হয়েছিল। তবে এখন পাওয়া তথ্য অনুযায়ী, ২৮ মে ইদ-উদ-জোহা (বৃহস্পতিবার)। তাই সেই দিনই ছুটি থাকবে।

    ফলে গত নভেম্বরের বিজ্ঞপ্তিতে বকরি ইদের আগের দিন হিসেবে ২৬ মে ও বকরি ইদের দিন হিসেবে ২৭ মে যে ছুটি ঘোষণা করা হয়েছিল, তা বাতিল করা হলো। কারণ, এখন যে তথ্য পাওয়া যাচ্ছে, তাতে বকরি ইদ ২৮ তারিখ পড়ছে। ফলে ২৮ মে ইদের দিনই ছুটি থাকবে। ২৬ মে ও ২৭ মে যথারীতি সরকারি সমস্ত দপ্তর, প্রতিষ্ঠান, সরকার পোষিত প্রতিষ্ঠানগুলি খোলা থাকবে।

    সরকারি ছুটির ক্যালেন্ডার অনুযায়ী, এর পরে ২৬ জুন (শুক্রবার) মহরমের ছুটি রয়েছে। ১৬ জুলাই (বৃহস্পতিবার) রথযাত্রার ছুটি। ১৫ অগস্ট (শনিবার) স্বাধীনতা দিবসের ছুটি। ২৬ অগস্ট (বুধবার) ফতেহ-দোয়াজ-দহম ও ২৮ অগস্ট (শুক্রবার) রাখিবন্ধন উপলক্ষে ছুটি।

    এর পরে সেপ্টেম্বর মানেই দুর্গাপুজোর দিন গোনা শুরু। জন্মাষ্টমী, বিশ্বকর্মা পুজো সেপ্টেম্বরেই। অক্টোবরে গান্ধীজয়ন্তী (২ অক্টোবর), মহালয়ার (১০ অক্টোবর) ছুটি। তার পরে দুর্গাপুজোর টানা ছুটি। ১৫ অক্টোবর চতুর্থী থেকে ২১ অক্টোবর, দশমী পর্যন্ত ছুটি থাকবে। ২৬ অক্টোবর লক্ষ্মীপুজোর ছুটিও রয়েছে। ৮ নভেম্বর কালীপুজোর ছুটি। ১৫ নভেম্বর ছটপুজোর ছুটি।

  • Link to this news (এই সময়)