• জুলাই মাসে আয়ুষ্মান কার্ড, সার্ভাইক্যাল ক্যান্সা‌র প্রতিরোধে টিকাকরণ শুরু ৩০ মে, ঘোষণা মুখ্যমন্ত্রীর
    এই সময় | ২৩ মে ২০২৬
  • রাজ্যে স্বাস্থ্য ব্যবস্থার আমূল পরিবর্তন আনতে সংশ্লিষ্ট আধিকারিকদের সঙ্গে শনিবার বৈঠকে বসেছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এই বৈঠকের পরে নবান্নে সাংবাদিক  সম্মেলন করে শুভেন্দু জানান, জুলাই মাস থেকে আয়ুষ্মান ভারত কার্ড দেওয়া শুরু হবে। স্বাস্থ্যসাথী কার্ডের সঙ্গে যুক্ত এমন ৬ কোটির বেশি উপভোক্তাদের আয়ুষ্মান কার্ড দেওয়ার ব্যবস্থা করা হবে। যাঁরা স্বাস্থ্যসাথী কার্ডের উপভোক্তা নন, তাঁদেরও ধাপে ধাপে এই প্রকল্পের সঙ্গে যুক্ত করা হবে। 

    মুখ্যমন্ত্রী বলেন, ‘আয়ুষ্মান ভারতে এনরোলমেন্টের কাজ ইতিমধ্যে শুরু হয়েছে। আমাদের বিশ্বাস, জুলাইয়ের মধ্যে আমরা আয়ুষ্মান ভারতের কার্ড দিতে পারব। আমরা আশা করছি, স্বাস্থ্যসাথীর সঙ্গে যুক্ত এমন ৬ কোটিরও বেশি কার্ড হোল্ডারকে এখনই আয়ুষ্মান ভারতে নিয়ে যেতে পারব। পরে পরে আরও মানুষ যুক্ত হতে পারবেন।’

    আগামী ৩০ মে থেকে রাজ্যে সার্ভাইক্যাল ক্যান্সা‌র প্রতিরোধমূলক টিকাকরণের কাজ শুরু হবে। কেন্দ্রীয় সরকারের এই কর্মসূচির আওতায় রাজ্যে ৭ লক্ষের বেশি নাবালিকাকে এই ডোজ় দেওয়া হবে। বিধাননগর মহকুমা হাসপাতালে এই কর্মসূচি শুরু হবে।

    মুখ্যমন্ত্রী জানান, ন্যাশনাল হেলথ মিশনে ভারত সরকার রাজ্যকে ৩৫০৫.৫৯ কোটি টাকা (২০২৬-২৭ অর্থবর্ষের জন্য) আর্থিক সাহায্য করছে। এর মধ্যে প্রথম কিস্তিতে ৫২৭.৫৮ কোটি টাকা রাজ্যকে শনিবার দেওয়া হয়েছে। এর পাশাপাশি আয়ুষ্মান ভারত প্রকল্পে ৯৭৬ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে।

    রাজ্যে প্রধানমন্ত্রী জন ঔষদি কেন্দ্র তৈরির ব্যাপারেও নতুন ঘোষণা করেন মুখ্যমন্ত্রী। রাজ্যে মোট ৪৯৬টি এই ওষুধ বিক্রয় কেন্দ্র গড়ে তোলার পরিকল্পনা রয়েছে। শুভেন্দু জানান, দুরারোগ্য অসুখের ওষুধে ৮০ শতাংশ ছাড় থাকবে। তিনি উদাহরণ দেন, সাধারণ রোগের জন্য একটি পরিবারে ওধুধ কিনতে গেলে ২০০০ টাকা খরচ হলে এই কেন্দ্র থেকে ওষুধ কিনলে সেই খরচ নেমে আসবে কমবেশি ২০০ টাকায়।

  • Link to this news (এই সময়)