• 'রোজগার মেলা' থেকে চাকরি পেলেন ৫০ হাজারেরও বেশি
    আজকাল | ২৩ মে ২০২৬
  • আজকাল ওয়েবডেস্ক: ১৯তম রোজগার মেলার মাধ্যমে দেশজুড়ে ৫০ হাজারেরও বেশি যুবক-যুবতীর হাতে চাকরির নিয়োগপত্র তুলে দেওয়া হয়েছে বলে জানালেন কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী এবং বালুরঘাটের সাংসদ সুকান্ত মজুমদার।

    তিনি বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বে ১৯তম এই রোজগার মেলায় নিয়োগ প্রক্রিয়ায় কোনও দুর্নীতি বা বেআইনি অভিযোগ ওঠেনি, যা দেশের কর্মসংস্থানের ক্ষেত্রে এক নতুন নজির।

    সুকান্ত মজুমদার জানান, গোটা দেশের পাশাপাশি পশ্চিমবঙ্গেও প্রায় এক হাজার কর্মসংস্থান হয়েছে। কল্যাণী এইমসেও উল্লেখযোগ্য সংখ্যক নিয়োগ হয়েছে বলে জানান তিনি। তাঁর কথায়, ‘যেভাবে স্বচ্ছতার সঙ্গে কর্মসংস্থান হয়েছে, তা অভূতপূর্ব।’

    এদিন অনুষ্ঠানে উপস্থিত মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে ‘পশ্চিমবঙ্গের নতুন রূপকার’ এবং ‘তরুণ মুখ্যমন্ত্রী’ বলে উল্লেখ করেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী। তিনি দাবি করেন, শুভেন্দু অধিকারীর নেতৃত্বে রাজ্যেও ভবিষ্যতে নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ স্বচ্ছ হবে এবং কোনও দুর্নীতির জায়গা থাকবে না।

    তিনি আরও বলেন, কেন্দ্র ও রাজ্য সরকার একসঙ্গে কাজ করলে আগামী দিনে আরও বড় আকারে কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে। ‘সবার আগে দেশ’ এই নীতিকেই এখন সরকার পরিচালনার মূলমন্ত্র হিসেবে ধরা হচ্ছে বলেও মন্তব্য করেন সুকান্ত।

    এদিন সীমান্ত নিরাপত্তা বাহিনী বা বিএসএফকে জমি দেওয়ার প্রসঙ্গও তোলেন সুকান্ত মজুমদার। তাঁর অভিযোগ, জমি সংক্রান্ত জটিলতার কারণে দীর্ঘদিন ধরে ৬১টি রেল প্রকল্প আটকে ছিল। তবে এখন সেই সমস্যা কাটিয়ে প্রকল্পগুলির কাজ এগোবে বলেও আশাবাদী তিনি।
  • Link to this news (আজকাল)