• '১৫ বছরের হিসাব তো হবেই', ফের চাঁচাছোলা দিলীপ
    আজকাল | ২৩ মে ২০২৬
  • আজকাল ওয়েবডেস্ক: ২০২৬ সালের রাজ্য রাজনীতিতে একের পর এক ঘটনাকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে উঠেছে বঙ্গ রাজনীতি। দুর্নীতি, তোলাবাজি, সোশ্যাল মিডিয়ায় উস্কানিমূলক পোস্ট, ইডি অভিযান থেকে শুরু করে শাসকদলের নেতাদের বিরুদ্ধে একাধিক অভিযোগ, সবকিছু নিয়েই বিস্ফোরক মন্তব্য করলেন বিজেপি নেতা দিলীপ ঘোষ। 

    মুর্শিদাবাদের কান্দিতে সোনা পাপ্পু মামলার তদন্তে ইডির তল্লাশি প্রসঙ্গে দিলীপ ঘোষ বলেন, “তৃণমূলের যত নেতা দাপিয়ে বেড়াত, বড় বড় ছবি দেখা যেত, বেশিরভাগই এই ধরনের দুর্নীতির সঙ্গে যুক্ত। মানুষকে ভয় দেখিয়ে রাখা হত, এফআইআর নেওয়া হত না। এখন অভিযোগ হচ্ছে, তদন্তও হবে। যারা আইনের বাইরে, তাদের আইনের আওতায় আনা হবে।” 

    অন্যদিকে, বিধাননগরের ৬ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর সম্রাট বড়ুয়ার গ্রেফতারি নিয়েও কড়া প্রতিক্রিয়া দেন তিনি। দিলীপ ঘোষের দাবি, “অনেকে এখনও হুমকি দিচ্ছে, কিন্তু অভ্যাস পাল্টাতে হবে। কেউ পালিয়ে গিয়েও বাঁচতে পারবে না। পুলিশ টেনে আনবেই। যারা মানুষের পরিশ্রমের টাকা লুট করেছে, কাউকে ছাড়া হবে না।” 

    সোশ্যাল মিডিয়ায় উস্কানিমূলক পোস্টের অভিযোগে অভিনেতা পরমব্রত চ্যাটার্জি ও স্বস্তিকা মুখার্জির বিরুদ্ধে এফআইআর দায়ের হওয়ার ঘটনায়ও সরব হন বিজেপি নেতা। তিনি বলেন, “২০২১ সালের নির্বাচনের পর যখন বিজেপি কর্মীরা আক্রান্ত হয়েছিলেন, তখন এঁরা সমবেদনা না জানিয়ে উস্কানি দিয়েছিলেন। তাই এদের ভূমিকারও বিচার হওয়া উচিত।” 

    রাজ্যের প্রশাসন ও আইনশৃঙ্খলা নিয়েও কড়া বার্তা দিয়ে দিলীপ ঘোষ বলেন, “বিজেপি সরকার আইনের সরকার। আইন মেনেই সব হবে এবং সবাইকে আইন মানতে হবে।”

    এছাড়াও মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির সভায় একাধিক নেতা-মন্ত্রীদের অনুপস্থিতি প্রসঙ্গে তিনি কটাক্ষ করে বলেন, “অনেকে আন্ডারগ্রাউন্ড হয়ে গিয়েছেন, পাবলিকের রোষের ভয়ে সামনে আসছেন না। অপরাধ করলে তার বিচার হবেই।” 

    অভিষেক ব্যানার্জির বাড়িতে নোটিশ যাওয়ার ঘটনায়ও তীব্র কটাক্ষ করেন দিলীপ ঘোষ। তাঁর বক্তব্য, "আমাদের বাড়িতে রোজ নোটিশ আসে। আমরা ভয় পাই না। ১৫ বছরের হিসাব তো হবেই।” সব মিলিয়ে একের পর এক ইস্যুতে দিলীপ ঘোষের আক্রমণাত্মক মন্তব্য ঘিরে নতুন করে রাজনৈতিক উত্তাপ ছড়িয়েছে রাজ্য রাজনীতিতে।
  • Link to this news (আজকাল)