'উধাও' হয়ে গেল সল্টলেক স্টেডিয়ামের বাইরের সেই মূর্তি
আজকাল | ২৩ মে ২০২৬
আজকাল ওয়েবডেস্ক: ভেঙে ফেলা হল সল্টলেকের যুবভারতী ক্রীড়াঙ্গনের সামনে বিশ্ব বাংলার লোগো বসানো বিরাট মূর্তি। পশ্চিমবঙ্গে তৃণমূল সরকার থাকার সময় বিশ্ববাংলার প্রতীক দিয়ে বানানো হয়েছিল এই বিশাল মূর্তি।
মূ্র্তির দুই পায়ে দুটি ফুটবল ছিল। আর কোমরের ওপর বসানো ছিল বিশ্ব বাংলার বিশাল লোগো। এটা যে ভেঙে ফেলা হবে তা রাজ্যের নতুন ক্রীড়ামন্ত্রী নিশীথ প্রামাণিক আগেই ঘোষণা করেছিলেন।
বৃহস্পতিবার চলতি আইএসএলের শেষ ম্যাচ ছিল যুবভারতীতে। তারপরেই শুক্রবার রাতে এটা ভেঙে ফেলা হয় বলে জানা গিয়েছে। এর আগেই জানা গিয়েছিল, ভেঙে ফেলা হবে যুবভারতী ক্রীড়াঙ্গনের সামনের বিশাল মূর্তি।
প্রাক্তন সরকারের আমলে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের আগে এই মূর্তি তৈরি হয়েছিল।। রাজ্যে সদ্য নতুন সরকার আসার পর ক্রীড়া দপ্তরের মন্ত্রী নিশীথ প্রামাণিক জানান, সল্টলেক স্টেডিয়ামের বাইরে কাটা পা এবং তার ওপর ফুটবলের যে মূর্তি রয়েছে তা ভেঙে পরিবর্তন করা হবে।
তবে তার জায়গায় কীসের মূর্তি বসানো হবে সে সম্পর্কে তিনি কিছু জানাননি। এদিন কলকাতা ডার্বি দেখে বেরিয়ে রাজ্যের ক্রীড়ামন্ত্রী বলেন, ‘এই মূর্তিটা একটা লোগো মারা বিদঘুটে একটা মূর্তি। একটা কাটা পা আর তার ওপর একটা ফুটবল। আমার তো মনে হয় এই মূর্তিটা লাগানোর পর থেকেই বিগত যে সরকার তাদের খারাপ দিন আসা শুরু হয়ে গেছে। তারপর মেসি কাণ্ড ঘটল, সরকার চলে গেল। নিশ্চিত ভাবে আমরা ওরকম একটা অদ্ভুত মূর্তিকে রাখব না, যার কোনও মানে নেই, অর্থ নেই। আমরা ওটাকে পরিবর্তন করব।’
(বর্তমান যুগে খুব দ্রুত মানুষের কাছে খবর পৌঁছে যায়। কিন্তু এই দ্রুততার কারণে অনেক সময় সঠিক খবর পৌঁছনো যায় না। দ্রুত খবর পৌঁছতে গিয়ে অনেক সময় ভুল খবর বিভিন্ন গোষ্ঠী বা মানুষের মধ্যে প্রতিক্রিয়া তৈরি করে। আমরা চাই না দ্রুততার কারণে আপনার কাছে ভুল খবর পৌঁছক। তাই সময় নিয়ে সঠিক খবর পৌঁছে দেওয়াই আমাদের লক্ষ্য। তাই নির্ভরযোগ্য খবরের মাধ্যম হিসেবে নজর রাখুন আজকাল ডট ইনে। এই খবরটি দ্রুত আপডেট করা হবে।)