SAIL-এর জমি দখল করে TMC পার্টি অফিস, গুঁড়িয়ে দিল বুলডোজার
আজ তক | ২৩ মে ২০২৬
পশ্চিমবঙ্গে ক্ষমতার পালাবদল এবং শুভেন্দু অধিকারীর নেতৃত্বে BJP সরকার গঠন পর থেকে রাজ্যজুড়ে অবৈধ নির্মাণের বিরুদ্ধে বুলডোজার অভিযান ক্রমাগত বাড়ছে। এর মধ্যে আসানসোলের বার্নপুর এলাকায় তৃণমূল কংগ্রেসের আরও একটি কার্যালয় বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়া হয়েছে।
শনিবার বার্নপুর রেলস্টেশনের কাছে অবস্থিত TMC কাউন্সিলর অশোর রুদ্রের দলীয় কার্যালয়টি ভেঙে ফেলা হয়েছে। জানা গিয়েছে, কার্যালয়টি SAIL-ISP (ইন্ডিয়ান আয়রন অ্যান্ড স্টিল কোম্পানি) মালিকানাধীন জমিতে নির্মিত হয়েছিল।
স্থানীয় প্রশাসন ও SAIL কর্তাদের উপস্থিতিতে পরিচালিত এই অভিযানে বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন করা হয়েছিল। সাম্প্রতিক দিনগুলিতে বার্নপুর এলাকায় বুলডোজার দিয়ে ভেঙে ফেলা এটি চতুর্থ TMC দলীয় কার্যালয়।
'টার্গেট পলিটিক্স'-এর অভিযোগ TMC-র
এই পদক্ষেপের জন্য তৃণমূল কংগ্রেস BJP সরকারের বিরুদ্ধে 'টার্গেট পলিটিক্স'-এর অভিযোগ করেছে। TMC নেতারা বলছেন, বিরোধী দলগুলির কার্যলয়গুলিকে বেছে বেছে টার্গেট করা হচ্ছে। তবে SAIL কর্তৃপক্ষ এই অভিযোগ অস্বীকার করেছে। সংস্থার কর্তারা বলছেন, সংশ্লিষ্ট ব্যক্তিদের আগেও বেশ কয়েকবার নোটিশ দেওয়া হয়েছিল। কিন্তু অবৈধ দখল সরানো হয়নি। ফলস্বরূপ বুলডোজার চালাতে বাধ্য হতে হয়েছিল।
SAIL কর্তারা আরও জানিয়েছেন, এখন প্রশাসনের সহযোগিতায় অবৈধ দখল উচ্ছেদের অভিযান জোরদার করা হয়েছে। তা অব্যাহত থাকবে। তারা বলছেন, কোনও নির্দিষ্ট গোষ্ঠীকে টার্গেট করা হচ্ছে না। বরং উন্নয়ন প্রকল্পের জন্য সমস্ক অবৈধ দখল উচ্ছেদ করা হবে।
এর আগে গত মঙ্গলবার বার্নপুরের ত্রিবেণী মোড়ে তৃণমূল যুব কংগ্রেসের একটি দলীয় কার্যালয়ও বুলডোজার দিয়ে ভেঙে ফেলা হয়। IISCO কর্তৃপক্ষের অভিযোগ, তাদের জমিতে অবৈধ ভাবে দলীয় কার্যালয়টি নির্মাণ করা হয়েছিল এবং জায়গাটি খালি করার জন্য একটি নোটিশ জারি করা হয়েছিল। তবে সেই নোটিশ অমান্য করায় কার্যালয়টি ভেঙে ফেলা হয়।