• রায়গঞ্জ মেডিকেলের চারতলা থেকে আচমকা ঝাঁপ রোগীর, ঘটনাস্থলেই মৃত্যু
    আজ তক | ২৩ মে ২০২৬
  • Raigunj Medical College Hospital Suicide: সাতসকালে খোদ মেডিকেল কলেজের চারতলার জানালা থেকে ঝাঁপ দিয়ে আত্মঘাতী হলেন এক অজ্ঞাতপরিচয় রোগী। শনিবার সকালে এই মর্মান্তিক ও শিউরে ওঠার মতো ঘটনাটি ঘটেছে রায়গঞ্জ মেডিকেল কলেজ ও হাসপাতালে। এই ঘটনায় হাসপাতালের অন্দরের নিরাপত্তা ব্যবস্থার কঙ্কালসার চেহারাটা আরও একবার সামনে চলে এল। কীভাবে চিকিৎসাধীন একজন রোগী সকলের নজর এড়িয়ে এত বড় কাণ্ড ঘটালেন, তা নিয়ে ইতিমধ্যেই হাসপাতালের নিরাপত্তা রক্ষীদের ভূমিকা নিয়ে তীব্র ক্ষোভ ও প্রশ্ন উঠতে শুরু করেছে।

    হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, মৃত ব্যক্তির বয়স আনুমানিক ৪৫ বছর। গত দু’দিন আগে কে বা কারা ওই অজ্ঞাতপরিচয় যুবককে হাসপাতালের সার্জিক্যাল ওয়ার্ডে ভর্তি করে দিয়ে চলে যায়। তাঁর নাম-পরিচয় এখনও জানা সম্ভব হয়নি। শনিবার সকাল সাড়ে আটটা নাগাদ আচমকাই ওই যুবক হাসপাতালের ৪ তলার মেডিসিন বিভাগের জানালার সামনে চলে আসেন এবং কিছু বুঝে ওঠার আগেই নিচে ঝাঁপ দেন।

    আচমকা ওপর থেকে ভারী কিছু পড়ার শব্দে কেঁপে ওঠে হাসপাতাল চত্বর। এক প্রত্যক্ষদর্শী মনোরঞ্জনবাবু জানান, "আমি হাসপাতালেই বসেছিলাম। হঠাৎ ঝুপ করে একটা শব্দ হতেই তাকিয়ে দেখি এক যুবক রক্তাক্ত অবস্থায় মাটিতে পড়ে আছেন। মুহূর্তে শোরগোল পড়ে যায়। অত উঁচু থেকে পড়লে কি আর মানুষ বাঁচে?" রক্তাক্ত ও গুরুতর জখম অবস্থায় তড়িঘড়ি ওই যুবককে উদ্ধার করে ফের শল্য বিভাগে নিয়ে যাওয়া হয়। কিন্তু শেষরক্ষা হয়নি, কিছুক্ষণ চিকিৎসার পরই কর্তব্যরত চিকিৎসকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।

    খবর পেয়েই রায়গঞ্জ থানার আইসি সুমন কল্যাণ দে সরকারের নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। হাসপাতালে আসেন রায়গঞ্জ মেডিকেল কলেজের এমএসভিপি (MSVP) প্রিয়ঙ্কর রায়, অ্যাসিস্ট্যান্ট সুপার সহ স্বাস্থ্য দপ্তরের উচ্চপদস্থ কর্তারা। ঘটনার সত্যতা স্বীকার করে এমএসভিপি প্রিয়ঙ্কর রায় বলেন, “দিন দুয়েক আগে ওই যুবককে কেউ বা কারা এখানে ভর্তি করেছিল। আজ সকাল সাড়ে আটটা নাগাদ মেডিসিন বিভাগের জানালা থেকে ঝাঁপ দিয়ে তিনি আত্মঘাতী হয়েছেন।”

    ইতিমধ্যেই রায়গঞ্জ থানার পুলিশ একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে ঘটনার তদন্ত শুরু করেছে। মৃতদেহটি আপাতত মেডিকেল কলেজের শল্য বিভাগেই রাখা রয়েছে। তবে এই ঘটনার পেছনে কার গাফিলতি রয়েছে এবং ডিউটিতে থাকা রক্ষীরা তখন কী করছিলেন, তা কড়া আতসকাঁচের নিচে রেখে তদন্তের জাল গোটাচ্ছে পুলিশ।

     
  • Link to this news (আজ তক)