• এবার পশ্চিম বর্ধমানের নাম বদলের প্রস্তাব, নতুন কী নাম হতে পারে? যা শোনা যাচ্ছে
    আজ তক | ২৩ মে ২০২৬
  • পশ্চিম বর্ধমান জেলার নাম পরিবর্তন নিয়ে ফের সরগরম হয়ে উঠল রাজ্য রাজনীতি। একদিকে রাজ্য সরকারের পুরনো নাম পরিবর্তনের প্রস্তাব, অন্যদিকে এবার বিজেপির পাল্টা দাবি, সব মিলিয়ে নতুন করে বিতর্ক তৈরি হয়েছে শিল্পাঞ্চল ঘিরে।

    সূত্রের খবর, দুর্গাপুরে আয়োজিত এক প্রশাসনিক বৈঠকে বিজেপির বিধায়করা পশ্চিম বর্ধমান জেলার নাম বদলে 'আসানসোল-দুর্গাপুর' রাখার প্রস্তাব দেন। তাঁদের যুক্তি, এই দুই শিল্পশহরের পরিচিতি ও গরিমাকে স্বীকৃতি দিতেই এই পরিবর্তন প্রয়োজন। বৈঠকে পাণ্ডবেশ্বরের বিধায়ক জিতেন্দ্র তিওয়ারি এবং দুর্গাপুর পূর্বের বিধায়ক চন্দ্রশেখর বন্দ্যোপাধ্যায় এই প্রস্তাবের পক্ষে মত দেন।

    জানা গিয়েছে, এই প্রস্তাবের পর বিষয়টি জেলাশাসককে ১৫ দিনের মধ্যে খতিয়ে দেখতে নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী। যদিও প্রশাসনের তরফে এ বিষয়ে এখনও প্রকাশ্যে কোনো মন্তব্য করা হয়নি। তবে রাজনৈতিক মহলের একাংশের মতে, জেলার সব বিধায়ক যদি এই প্রস্তাবে সহমত হন, তাহলে নাম পরিবর্তনের সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না।

    বৈঠকে শুধু নাম পরিবর্তন নয়, জেলার শিল্পাঞ্চলের বিভিন্ন সমস্যা নিয়েও আলোচনা হয়। বিধায়করা অভিযোগ তোলেন, কারখানার গেটের সামনে সিন্ডিকেট ও ইউনিয়ন অফিস থাকার কারণে তোলাবাজির ঘটনা বাড়ছে। শ্রমিকদের মজুরি থেকে কাটমানি নেওয়ার অভিযোগও তোলা হয়। এর বিরুদ্ধে কড়া পদক্ষেপের আশ্বাস দিয়েছেন মুখ্যমন্ত্রী বলে দাবি বিজেপির।

    এছাড়া দুর্গাপুর পশ্চিমের বিধায়ক লক্ষ্মণ ঘোড়ুই মায়াবাজার রেল ওভারব্রিজ দ্রুত সম্পন্ন করার দাবি জানান। প্রশাসনিক বৈঠকে রাস্তা দখল ও অবৈধ কার্যকলাপ নিয়েও আলোচনা হয় বলে জানা গিয়েছে। পুলিশকে এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার স্বাধীনতা দেওয়া হয়েছে বলেও সূত্রের খবর।

     
  • Link to this news (আজ তক)