• ভোট-পরবর্তী অশান্তিতে জড়িত ৫০-এর বেশি বিজেপি কর্মীকে শো-কজ
    দৈনিক স্টেটসম্যান | ২৩ মে ২০২৬
  • ভোট-পরবর্তী অশান্তির অভিযোগে এবার নিজেদের দলীয় কর্মীদের বিরুদ্ধেই কড়া পদক্ষেপ করল বঙ্গ বিজেপি। নির্বাচনে জয়ের পর দলের নির্দেশ অমান্য করে বিরোধী শিবিরের কর্মীদের হুমকি দেওয়া, মারধর, পার্টি অফিস দখল-সহ একাধিক সংগঠনবিরোধী কাজে জড়িত থাকার অভিযোগে ৫০ জনের বেশি কর্মীকে শো-কজ করা হয়েছে। বিজেপির শৃঙ্খলারক্ষা কমিটি তাঁদের এক সপ্তাহের মধ্যে জবাব দিতে নির্দেশ দিয়েছে।

    দলের পক্ষ থেকে স্পষ্ট জানানো হয়েছে, রাজনৈতিক উচ্ছৃঙ্খলা কোনোভাবেই মেনে নেওয়া হবে না। সরকার গঠনের পর থেকেই কর্মীদের আচরণ নিয়ে সতর্কবার্তা দেওয়া হয়েছিল এবং সংগঠনের ভিতরে নজরদারির জন্য বিশেষ শৃঙ্খলা কমিটিও গঠন করা হয়।

    দলীয় বৈঠকে বিজেপি নেতা শমীক ভট্টাচার্য জানিয়েছিলেন, দলকে তৃণমূলীকরণ হতে দেওয়া যাবে না। তিনি স্পষ্টভাবে বলেন, ইউনিয়ন দখল, অটো ও টোটো ইউনিয়নে হস্তক্ষেপ কিংবা অন্য দলের পার্টি অফিস দখলের মতো কাজ বরদাস্ত করা হবে না।

    শৃঙ্খলারক্ষা কমিটির প্রধান প্রতাপ বন্দ্যোপাধ্যায় জানান, বিভিন্ন জেলা থেকে সংগঠনবিরোধী কাজের অভিযোগ এসেছে। প্রতিটি অভিযোগ খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে। তিনি বলেন, ‘৫০-এর বেশি কর্মীকে শো-কজ করা হয়েছে। অভিযোগের ভিত্তিতে পদক্ষেপ নেওয়া হচ্ছে।’

    দলীয় সূত্রে জানা গিয়েছে, যাঁদের শো-কজ করা হয়েছে তাঁরা পরবর্তী নির্দেশ না পাওয়া পর্যন্ত দলের কোনও কর্মকাণ্ডে অংশ নিতে পারবেন না। তবে আপাতত সরাসরি সাসপেন্ড না করে কারণ দর্শানোর সুযোগ দেওয়া হয়েছে।

    বিজেপির দাবি, উত্তরবঙ্গের তুলনায় দক্ষিণবঙ্গের কয়েকটি জেলা, বিশেষ করে পুরুলিয়া, ঝাড়গ্রাম-সহ একাধিক এলাকা থেকে বেশি অভিযোগ এসেছে। দলের এই পদক্ষেপ রাজনৈতিক মহলে তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে।
  • Link to this news (দৈনিক স্টেটসম্যান)