আয়ুষ্মান ভারতের সঙ্গে যুক্ত হবে স্বাস্থ্যসাথীর ৬ কোটি মানুষ, ঘোষণা মুখ্যমন্ত্রীর
দৈনিক স্টেটসম্যান | ২৩ মে ২০২৬
শনিবার কেন্দ্রীয় স্বাস্থ্য দপ্তরের সঙ্গে ভার্চুয়াল বৈঠকের পর নবান্নে এক সাংবাদিক বৈঠকে রাজ্যের স্বাস্থ্যনীতি নিয়ে বড় ঘোষণা করেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তিনি জানান, এবার পশ্চিমবঙ্গের স্বাস্থ্যক্ষেত্রের জন্য একটি নতুন ও সমন্বিত রুটম্যাপ তৈরি করছে রাজ্য সরকার।
মুখ্যমন্ত্রীর দাবি, রাজ্যের স্বাস্থ্যসাথী প্রকল্পের আওতায় থাকা প্রায় ৬ কোটি মানুষকে এবার কেন্দ্রীয় সরকারের আয়ুষ্মান ভারত প্রকল্পের সঙ্গে যুক্ত করা হবে। পাশাপাশি নতুন উপভোক্তাদেরও স্বাস্থ্যবিমার সুবিধার জন্য আবেদন করার সুযোগ থাকবে। তাঁর বক্তব্য, স্বাস্থ্য পরিষেবাকে আরও বিস্তৃত ও কার্যকর করাই এই উদ্যোগের মূল লক্ষ্য।
তিনি জানান, আয়ুষ্মান ভারতের এনরোলমেন্ট ইতিমধ্যেই শুরু হয়েছে এবং আগামী জুলাইয়ের মধ্যেই কার্ড বিতরণ সম্পূর্ণ করার পরিকল্পনা রয়েছে। এছাড়া, কেন্দ্র ও রাজ্যের যৌথ উদ্যোগে আয়ুষ্মান আরোগ্য মন্দির প্রকল্পও দ্রুত কার্যকর করা হবে বলে তিনি উল্লেখ করেন।
স্বাস্থ্য পরিকাঠামো উন্নয়নের অংশ হিসেবে রাজ্যে ৪৬৯টি প্রধানমন্ত্রী জন ঔষধি কেন্দ্র স্থাপনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এতে সাধারণ মানুষ ৫০ থেকে ৮০ শতাংশ পর্যন্ত ছাড়ে ওষুধ পাবেন, যার ফলে চিকিৎসার খরচ উল্লেখযোগ্যভাবে কমবে।
এছাড়াও মুখ্যমন্ত্রী জানান, সার্ভাইক্যাল ক্যানসার প্রতিরোধে ১৪–১৫ বছর বয়সী কিশোরীদের জন্য বিনামূল্যে টিকাকরণ কর্মসূচি আগামী ৩০ মে থেকে শুরু হবে। প্রথম ধাপের এই কর্মসূচি শুরু হবে বিধাননগর সাব ডিভিশনাল হাসপাতাল থেকে।
বৈঠকে শিশুমৃত্যুর হার নিয়েও উদ্বেগ প্রকাশ করা হয় এবং কিছু জেলায় স্বাস্থ্য পরিস্থিতি উন্নতির প্রয়োজনীয়তার কথা উল্লেখ করা হয়। পাশাপাশি রাজ্যে নতুন মেডিক্যাল কলেজ ও উত্তরবঙ্গে এইমস ধাঁচের হাসপাতাল গড়ার পরিকল্পনার কথাও জানানো হয়।
সব মিলিয়ে স্বাস্থ্য পরিষেবায় বড় পরিবর্তনের ইঙ্গিত দিল রাজ্য সরকার, যা আগামী দিনে সাধারণ মানুষের চিকিৎসা ব্যবস্থায় উল্লেখযোগ্য প্রভাব ফেলতে পারে বলে মনে করা হচ্ছে।