• বিজেপিতে যোগদানের পুরস্কার! রাজ্যসভায় বড় পদ পেলেন রাঘব চাড্ডা
    প্রতিদিন | ২৩ মে ২০২৬
  • বিজেপিতে যোগদানের ঠিক একমাসের মাথায় পুরস্কার পেয়ে গেলেন রাজ্যসভার সাংসদ রাঘব চাড্ডা। তাঁকে রাজ্যসভার গুরুত্বপূর্ণ কমিটির মাথায় বসানো হল। গত ২৪ এপ্রিল আম আদমি পার্টির আরও ছ’জন রাজ্যসভা সাংসদকে সঙ্গে নিয়ে বিজেপিতে যোগদানের কথা ঘোষণা করেছিলেন রাঘব। ঠিক একমাসের মাথায় তাঁর পদপ্রাপ্তি।

    শনিবার রাজ্যসভার চেয়ারম্যান সিপি রাধাকৃষ্ণণের তরফ থেকে এক বিবৃতিতে জানানো হয়েছে, রাজ্যসভার গুরুত্বপূর্ণ পিটিশন কমিটির চেয়ারম্যান নিযুক্ত করা হয়েছে রাঘব চাড্ডাকে। পিটিশন কমিটি সংসদের উচ্চকক্ষের একটি গুরুত্বপূর্ণ স্থায়ী কমিটি। এই কমিটির মূল কাজ নাগরিকদের পাঠানো বিভিন্ন অভিযোগ এবং আবেদনের নিষ্পত্তি করে কেন্দ্রকে সেই সংক্রান্ত মতামত দেওয়া। শনিবার মোট ১০ জনকে নতুন করে এই কমিটিতে মনোনীত করা হয়েছে। চেয়ারম্যান করা হয়েছে রাঘবকে।

    গত মাসেই ‘আম আদমি’র ট্যাগ ত্যাগ করে বিকেলে বিজেপিতে যোগ দিয়েছেন রাঘব চাড্ডা। তাঁর সঙ্গে বিজেপিতে যোগ দিয়েছেন আম আদমি পার্টির আরও ৬ সাংসদ। আপ থেকে বিজেপিতে যোগ দিয়েছেন, রাঘব চাড্ডা, স্বাতী মালিওয়াল, হরভজন সিং, অশোক মিত্তল, সন্দীপ পাঠক, রাজিন্দর গুপ্তা, বিক্রম সাহানি। এই যোগদান যে আপের জন্য বড় ধাক্কা সেটা বলার অপেক্ষা রাখে না।

    আম আদমি পার্টি ছাড়ার কারণ হিসেবে রাঘব চাড্ডা বলেছিলেন, “আমার ঘাম-রক্ত দিয়ে আপকে লালন করেছি, আমার যৌবনের ১৫টা বছর দিয়েছি। কিন্তু সেই আপ আদর্শচ্যুত হয়েছে। এই দলটা এখন আর দেশের জন্য কাজ করে না, স্রেফ ব্যক্তিগত লাভের জন্য কাজ করে। তাই আপ ছেড়ে আমি ভারতীয় জনতার কাছে যাচ্ছি।” পালটা রাঘবের বিজেপি যোগ নিয়ে আপ সাংসদ সঞ্জয় সিং বলেছেন, “যে দল তাঁকে রাজ্যসভার আসন-সহ সবরকম সুযোগ দিয়েছিল, সেই দলের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছেন তিনি।” যোগ করেন, “যে বিজেপির বিরুদ্ধে এতদিন অভিযোগ করে আসছেন, শেষ পর্যন্ত তিনি বিজেপির কোলে গিয়ে বসলেন।” বিজেপিতে গিয়ে রাঘব যে সুবিধা পেলেন সেটা তাঁর পদপ্রাপ্তিতেই স্পষ্ট। যদিও বিজেপি সূত্র বলছে, এই ধরনের কমিটির শীর্ষ পদে বসাটা অস্বাভাবিক কিছু নয়।
  • Link to this news (প্রতিদিন)