• পরীক্ষার্থী পাবেন OMR শিটের কার্বনকপি, নিয়োগে স্বচ্ছতা আনতে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর
    প্রতিদিন | ২৩ মে ২০২৬
  • সরকারি পালাবদল হতেই নিয়োগ প্রক্রিয়ায় স্বচ্ছতা আনতে বড় পদক্ষেপ নিল শুভেন্দুর সরকার। এবার থেকে চাকরিপ্রার্থীদের ওএমআর শিটের কার্বন কপি দেওয়া বাধ্যতামূলক করতে হবে। শিয়ালদহে সরকারি উদ্যোগে আয়োজিত রোজগার মেলা থেকে ঘোষণা করেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তিনি বলেন, “কার্বন কপি প্রত্যেক যুবক যুবতীকে দেওয়া উচিত। এতদিন ওএমআর পদ্ধতিতে পরীক্ষা হলেও কার্বন কপি দেওয়া হয় না। স্বজনপোষণ, দুর্নীতি- এই শব্দগুলোর উৎপত্তি এখান থেকেই আসে। তাই এবার থেকে কার্বন কপি দেওয়া হবে।”

    এদিন রোজগার মেলার মঞ্চে দাঁড়িয়েই মুখ্যমন্ত্রীর দাবি, “পূর্বের সরকারের আমলে লাগাতার নিয়োগ দুর্নীতিতে গোটা দেশের কাছে পশ্চিমবঙ্গের বদনাম হয়েছে।” নতুন সরকারের জমানায় নতুন নিয়োগ নীতি বলবৎ হবে বলেও জানান তিনি। সম্ভবত আগামী বাজেট অধিবেশনেই বিধানসভায় এই প্রস্তাব পেশ করা হতে পারে রাজ্যের তরফে।

    মুখ্যমন্ত্রী জানান, “স্বচ্ছতার সঙ্গে মেধাবীদের কর্মসংস্থানের সুযোগ দেবে রাজ্য সরকার। স্বচ্ছতার সঙ্গে লিখিত পরীক্ষা, অ্যাকাডেমিক স্কোর, মৌখিকে অতিরিক্ত নম্বর রাখা যাবে না।” ভাইভার ক্ষেত্রে মিনিমাম নম্বর রাখতে হবে বলেও জানান তিনি। গত সরকারের আমলে মৌখিক পরীক্ষায় স্বজনপোষণের অভিযোগ উঠেছিল। ভাইভায় অতিরিক্ত নম্বর পাইয়ে দিয়ে ‘অযোগ্য’রাও সুযোগ পেয়েছিলেন নিয়োগে। সেই অভিযোগের কথা মাথায় রেখেই মৌখিকে মিনিমাম নম্বর রাখার সিদ্ধান্ত নিতে চলেছে সরকার। তৃণমূল জমানায় সরকারি ক্ষেত্রে নিয়োগের পরীক্ষা সংবিধানও মানা হয়নি বলে অভিযোগ করেন শুভেন্দু। তাঁর দাবি, “এসসি, এসটি, অরিজিনাল ওবিসি, বিশেষভাবে সক্ষম পরীক্ষার্থীদের সংরক্ষণের ক্ষেত্রেও মানা হয়নি নিয়ম।”

    ১০০ শতাংশ দুর্নীতিমুক্ত নিয়োগ প্রক্রিয়া বাস্তবায়িত করাই একমাত্র লক্ষ্য। ২৬ হাজার চাকরি চুরি, টাকা নিয়ে একের পর অযোগ্যদের সুযোগ করে দেওয়ার মতো অভিযোগে পশ্চিমবঙ্গের নিয়োগ সিস্টেমটাই চলে গিয়েছে রসাতলে। পশ্চিমবঙ্গের দুর্নীতি দেখে রেল ও আধাসেনার মতো কেন্দ্রীয় সরকারি সংস্থাগুলিও নিয়োগ প্রক্রিয়ার ক্ষেত্রে সতর্ক হয়ে গিয়েছিল বলে দাবি করেন শুভেন্দু। তবে ডবল ইঞ্জিন সরকারের আমলে দুর্নীতিমুক্ত কর্মসংস্থান নিয়ে কার্যত মোদির সুরেই গ্যারান্টি দিলেন বাংলার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।
  • Link to this news (প্রতিদিন)