মাত্র ১৩ বছর বয়সে হারানো ছেলে ফিরল ২৭'র যুবক হয়ে, যাত্রী প্রতীক্ষালয়ে আশ্রয় মোড় ঘুরিয়ে দিল
News18 বাংলা | ২৩ মে ২০২৬
১৪ বছর পর পরিবারের কোলে ফিরল হারানো ছেলে। ছেলেকে খুঁজে দিলেন হিঙ্গলগঞ্জের কিছু মানুষ। ১৪ বছর পর ঘরে ফিরল হারিয়ে যাওয়া ছেলে, মানবিক উদ্যোগে নজির স্বেচ্ছাসেবী সংস্থার। দীর্ঘ ১৪ বছর পর অবশেষে পরিবারের কাছে ফিরল হারিয়ে যাওয়া যুবক তাইবুল হালদার। মানবিক উদ্যোগ ও নিরলস প্রচেষ্টার মাধ্যমে এই অসম্ভবকে সম্ভব করে আবারও মানবতার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করল হিঙ্গলগঞ্জের এক স্বেচ্ছাসেবী সংস্থা।
জানা গিয়েছে, দক্ষিণ ২৪ পরগনার ধোলারহাট এলাকার বাসিন্দা তাইবুল হালদার মাত্র ১৩ বছর বয়সে হঠাৎ নিখোঁজ হয়ে যায়। পরিবারের পক্ষ থেকে বহু খোঁজাখুঁজি, প্রচারপত্র বিলি ও বিভিন্ন জায়গায় যোগাযোগ করা হলেও তার কোনও সন্ধান মেলেনি। সময়ের সঙ্গে সঙ্গে পরিবারের আশা প্রায় ফিকে হয়ে যায়। এদিকে দীর্ঘ বছর ধরে দেশের বিভিন্ন জায়গায় ঘুরে বেড়ানোর পর শেষমেশ হিঙ্গলগঞ্জ কালিবাড়ি মোড়ের একটি যাত্রী প্রতীক্ষালয়ে আশ্রয় নেয় তাইবুল। দিনের বেলায় এদিক-সেদিক ঘুরে খাবার সংগ্রহ করত এবং রাতে ওই প্রতীক্ষালয়েই থাকত সে।
স্থানীয় গাড়িচালক জামাত গাজীর নজরে আসে যুবকটি। পরে তিনি তাঁকে নিয়ে যান আলহাদি ফাউন্ডেশনের চেয়ারম্যান সুশান্ত ঘোষের কাছে। সুশান্তবাবু যুবকের কাছ থেকে বিভিন্ন তথ্য সংগ্রহ করে তাঁর পরিবারের সন্ধানে উদ্যোগী হন। প্রথমদিকে ছবি দেখিয়েও কাউকে শনাক্ত করা সম্ভব হয়নি। পরবর্তীতে আরও বিস্তারিত তথ্য নিয়ে ধোলারহাট এলাকার একটি মোবাইল ফোনের দোকানে যোগাযোগ করা হয়। সেখান থেকেই খবর পৌঁছে যায় তাইবুলের পরিবারের কাছে। পরে ভিডিও কলে বাবা-মা ও আত্মীয়দের সঙ্গে কথা বলানো হলে তারা নিশ্চিতভাবে তাইবুলকে চিনে ফেলেন।
এদিন সমস্ত প্রয়োজনীয় নথি যাচাইয়ের পর তাইবুল হালদারকে পরিবারের হাতে তুলে দেওয়া হয়। দীর্ঘ ১৪ বছর পর ছেলেকে ফিরে পেয়ে আবেগে ভেঙে পড়েন পরিবারের সদস্যরা। আলহাদি ফাউন্ডেশনের চেয়ারম্যান সুশান্ত ঘোষ জানান, “এখন পর্যন্ত ২৫২ জন মানসিক ভারসাম্যহীন ও পথহারানো মানুষকে তাঁদের পরিবারের কাছে ফিরিয়ে দিতে পেরেছি। ভবিষ্যতেও এই মানবিক কাজ চালিয়ে যাব।”