পূর্বস্থলী ১ ব্লকের বকপুর পঞ্চায়েতের চকবামন গড়িয়া এলাকায় এক বাড়িতে দুঃসাহসিক চুরির ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। বাড়িতে কেউ না থাকার সুযোগে দুষ্কৃতীরা তালা ভেঙে ভিতরে ঢুকে আলমারি ও ঘরের বিভিন্ন জিনিসপত্র তছনছ করে বলে অভিযোগ।
পরিবারের দাবি, বাড়ি থেকে প্রায় ২০ ভরি সোনার গয়না ও প্রায় ৫০ হাজার টাকা নগদ নিয়ে পালিয়ে যায় দুষ্কৃতীরা। পরিবারের সদস্যরা বাড়িতে ফিরে এসে ঘরের অবস্থা দেখে হতবাক হয়ে যান। চারদিকে ছড়িয়ে-ছিটিয়ে থাকা জিনিসপত্র দেখে প্রথমেই চুরির বিষয়টি তাঁদের নজরে আসে। পরে প্রতিবেশীদের খবর দেওয়া হয় এবং ঘটনার কথা জানানো হয় স্থানীয় থানায়।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেছে।বাড়ির সদস্য বৈশাখী সরকার জানান, তাঁদের বাড়িতে সিসিটিভি ক্যামেরা ও মজবুত নিরাপত্তা ব্যবস্থা থাকা সত্ত্বেও এই ঘটনা ঘটেছে। তাঁর অভিযোগ, দুষ্কৃতীরা সিসিটিভির হার্ড ডিস্কও খুলে নিয়ে গিয়েছে। তিনি বলেন, “আমরা নিশ্চিন্তে ছিলাম কারণ বাড়িতে সিসিটিভি ও শক্ত নিরাপত্তা ব্যবস্থা ছিল। তারপরেও এমন ঘটনা ঘটায় আমরা খুবই চিন্তিত।”
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এলাকায় এর আগেও একাধিক চুরির ঘটনা ঘটেছে। ফলে নতুন করে এই ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে বাসিন্দাদের মধ্যে। দ্রুত দুষ্কৃতীদের গ্রেফতার ও চুরি যাওয়া সামগ্রী উদ্ধারের দাবি তুলেছেন এলাকার মানুষ। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ঘটনার সমস্ত দিক খতিয়ে দেখা হচ্ছে। এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করার পাশাপাশি দুষ্কৃতীদের খোঁজে তদন্ত শুরু হয়েছে। পরিবারের পক্ষ থেকেও দোষীদের দ্রুত গ্রেফতারের দাবি জানানো হয়েছে।