• রাজ্যে 'ছুটি সংস্কৃতিতেও' ইতি? বকরি ইদে দু দিনের বদলে একদিন ছুটি, বিজ্ঞপ্তি অর্থ দফতরের
    News18 বাংলা | ২৩ মে ২০২৬
  • রাজ্যে কি বন্ধের পথে ছুটি সংস্কৃতি? রাজ্যে বদল হল বকরি ইদের ঘোষিত ছুটির দিন। অর্থ দফতরের তরফে নতুন বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। আগে ২৬ ও ২৭ মে সরকারি ছুটি ঘোষণা করা হয়েছিল। এবার ইদের ছুটি ১ দিন দিল রাজ্য।

    নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ইদ-উজ-জোহা পালিত হবে ২৮ মে বৃহস্পতিবার। তাই ২৮ মে বৃহস্পতিবার সরকারি ছুটি ঘোষণা করা হয়েছে। ২৬ মে ও ২৭ মে-র ঘোষিত ছুটি বাতিল করল রাজ্য সরকার। ওই দুই দিন সমস্ত সরকারি অফিস, প্রতিষ্ঠান ও দফতর খোলা থাকবে। অর্থাৎ দুই দিনের বদলে এবার থেকে এক দিন ছুটি দেওয়া হবে।

    মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ইতিমধ্যেই রাজ্যের বিভিন্ন দফতরের সচিবদের ভয়ডরহীন ভাবে কাজ করার নির্দেশও দিয়েছেন৷ এসবের পাশাপাশি এবার রাজ্য সরকারি অফিসগুলিতে কর্মশৃঙ্খলা ফেরাতেও উদ্যোগী হল নতুন সরকার৷ আগের দেওয়া ছুটিতে কতটা পরিবর্তন হয় নতুন সরকার আসার পরে সেটাই দেখার।

    এর আগে রাজ্য সরকারের পক্ষ থেকে জারি করা নির্দেশিকায় সরকারি কর্মচারীদের অফিসের সময়ানুবর্তিতা মেনে চলার কথা স্মরণ করিয়ে দেওয়া হয়৷ পাশাপাশি, কত ঘণ্টা অফিসে থাকা বাধ্যতামূলক, সেকথাও মনে করিয়ে দিয়েছে রাজ্য সরকার৷

    রাজ্য সরকারের বিচার বিভাগের জারি করা ওই নির্দেশিকায় বলা হয়েছে, সকাল ১০.১৫ মিনিটের মধ্যে কর্মীদের অফিসে ঢুকে যেতে হবে৷ বিকেল ৫.১৫-র আগে অফিস ছাড়া যাবে না৷ প্রসঙ্গত ২০০০ সালে রাজ্য সরকারের অর্থ বিভাগ এই একই নির্দেশিকা জারি করেছিল৷ সেই নির্দেশই আবার সরকারি কর্মচারীদের স্মরণ করিয়ে দেওয়া হল৷

    প্রসঙ্গত, এ দিনও নির্দেশিকা জারি করে রাজ্য সরকারের বিভিন্ন দফতরে অবসরের পরেও বিভিন্ন পদে আসীন দুশোরও বেশি আধিকারিকের পুনর্নিয়োগ বাতিলের নির্দেশ দেওয়া হয়েছে৷ মূলত গ্রুপ এ অফিসারদের পুনর্নিয়োগের চুক্তি বাতিলের নির্দেশ দেওয়া হয়েছে৷
  • Link to this news (News18 বাংলা)