• সৌন্দর্যের আড়ালে বিপদ! পুরুলিয়ার জনপ্রিয় স্পট নিয়ে উদ্বেগে পর্যটকরা, হলটা কী?
    News18 বাংলা | ২৩ মে ২০২৬
  • : পর্যটন মানচিত্রে ক্রমশ গুরুত্ব বাড়ছে পুরুলিয়া জেলার। পাহাড়, জঙ্গল আর ঝরনাকে কেন্দ্র করে জেলার বিভিন্ন প্রান্তে সারা বছরই ভিড় জমান পর্যটকেরা। সেই তালিকায় অন্যতম জনপ্রিয় নাম বামনি ফলস ও টুরগা ফলস। কিন্তু প্রাকৃতিক সৌন্দর্যের টানে পর্যটকেরা এলেও, নিরাপত্তা ও পরিকাঠামোর অভাব নিয়ে উঠছে একাধিক অভিযোগ। ফলে আনন্দের মাঝেও আতঙ্কের মধ্যে রয়েছেন পর্যটকেরা।

    পর্যটকদের দাবি, বামনি ফলসে যাওয়ার জন্য যে সিঁড়ি নির্মাণ করা হয়েছে, তার কাজ এখনও সম্পূর্ণ হয়নি। অনেক জায়গায় সিঁড়ি অসম্পূর্ণ অবস্থায় পড়ে রয়েছে। পাশাপাশি দুর্ঘটনা এড়াতে প্রয়োজনীয় গার্ডওয়াল বা নিরাপত্তা ব্যারিকেডও নেই বলে অভিযোগ। এর ফলে বিশেষ করে বয়স্ক পর্যটক ও শিশুদের নিয়ে সমস্যায় পড়তে হচ্ছে পরিবারগুলিকে। বর্ষার মরশুম শুরু হলেই পরিস্থিতি আরও বিপজ্জনক হয়ে ওঠে। বৃষ্টির জেরে পাথর পিচ্ছিল হয়ে যায়, ফলে সামান্য অসাবধানতাতেই বড় দুর্ঘটনার আশঙ্কা থেকে যায়। পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা না থাকায় আতঙ্ক নিয়েই অনেক সময় ঝরনার সৌন্দর্য উপভোগ করতে হয় পর্যটকদের।

    পর্যটকদের একাংশের বক্তব্য, জেলার অন্যতম গুরুত্বপূর্ণ পর্যটন কেন্দ্র হওয়া সত্ত্বেও এখনও পর্যাপ্ত নজর দেওয়া হয়নি পরিকাঠামো উন্নয়নে। এ বিষয়ে এক পর্যটক রোশন বলেন, এই পর্যটন কেন্দ্র খুবই সুন্দর দেখতে। কিন্তু নিরাপত্তা ব্যবস্থার উপর গুরুত্ব দেওয়া উচিত। সিঁড়ির কাজ সম্পূর্ণ করা, গার্ডওয়াল নির্মাণ, সতর্কীকরণ বোর্ড লাগানোর প্রয়োজন রয়েছে। ‌মাঝে মাঝে বসার জন্য ব্যবস্থা করা উচিত। ‌

    পর্যটন শিল্পের উপর অনেকটাই নির্ভরশীল জঙ্গলমহলের একাংশের মানুষ। অযোধ্যা পাহাড় ও আশেপাশের এলাকায় মানুষজন এই শিল্পকে কেন্দ্র করে নিজেদের জীবন জীবিকা বেছে নিয়েছে। প্রাকৃতিক সৌন্দর্যের সঙ্গে নিরাপত্তা ও উন্নত পরিকাঠামো গড়ে উঠলে বামনি ফলস ও টুরগা ফলস আরও বেশি সংখ্যক পর্যটকে আকর্ষণ করবে। নতুন সরকার এই গুরুত্বপূর্ণ পর্যটন কেন্দ্রের দিকে কবে নজর দেবে সেই দিকেই তাকিয়ে জঙ্গলমহলবাসী।
  • Link to this news (News18 বাংলা)