• কানের সংক্রমণ ছড়ায় মাথায়! প্রাণ ওষ্ঠাগত ৭ বছরের শিশুর, জঙ্গলমহলের সরকারি হাসপাতালেই অসম্ভবকে সম্ভব করলেন চিকিৎসকরা
    News18 বাংলা | ২৩ মে ২০২৬
  • : সরকারি হাসপাতালের চিকিৎসকদের অসামান্য দক্ষতা ও তৎপরতায় নতুন জীবন ফিরে পেল সাত বছরের এক শিশু। অত্যন্ত জটিল ও ঝুঁকিপূর্ণ অস্ত্রোপচার সফলভাবে সম্পন্ন করে শিশুটির প্রাণ বাঁচাল পুরুলিয়া দেবেন মাহাতো গভর্নমেন্ট মেডিক্যাল কলেজ ও হাসপাতালের ইএনটি বিভাগ। এই ঘটনায় খুশির হাওয়া হাসপাতাল চত্বর থেকে শুরু করে শিশুটির পরিবারেও।

    হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, প্রায় এক মাস আগে বাগমুণ্ডি থানার দুমদুমি গ্রামের বাসিন্দা লছমন প্রজাপতি তাঁর সাত বছরের সন্তানকে নিয়ে হাসপাতালের হাতোয়াড়া ক্যাম্পাসের ইএনটি বিভাগে আসেন। দীর্ঘদিন ধরে শিশুটির কান দিয়ে পুঁজ বের হচ্ছিল। পরিবারের দাবি, এর আগে বিভিন্ন জায়গায় চিকিৎসা করানো হলেও কোনও সুফল মেলেনি। ধীরে ধীরে হতাশ হয়ে পড়েছিলেন পরিবারের সদস্যরা। পুরুলিয়া মেডিক্যাল কলেজে আনার পর চিকিৎসকেরা শিশুটির বিস্তারিত পরীক্ষা-নিরীক্ষা করেন। রিপোর্ট হাতে আসতেই সামনে আসে ভয়ঙ্কর তথ্য, কানের সংক্রমণ ছড়িয়ে মাথার ভিতরে পুঁজ জমে গিয়েছে। পরিস্থিতির গুরুত্ব বুঝে দ্রুত অস্ত্রোপচারের সিদ্ধান্ত নেওয়া হয়।

    অস্ত্রোপচারের সময় চিকিৎসকদের সামনে একের পর এক জটিলতা তৈরি হয়। সংক্রমণের জেরে কানের পাশের একটি গুরুত্বপূর্ণ হাড় সম্পূর্ণ নষ্ট হয়ে গিয়েছিল। পরিস্থিতি সামাল দিতে শিশুটিকে কিছু সময়ের জন্য অন্য বিভাগে স্থানান্তরিতও করা হয়। পরে ফের ইএনটি বিভাগে এনে বিশেষজ্ঞ চিকিৎসকদের তত্ত্বাবধানে শুরু হয় অস্ত্রোপচার।

    ইএনটি বিশেষজ্ঞ ডাঃ সোহম ব্যানার্জির নেতৃত্বে চিকিৎসকদের একটি দল সফলভাবে নষ্ট হয়ে যাওয়া হাড় ও মাথার ভিতরে জমে থাকা পুঁজ অপসারণ করেন। ডাঃ সোহম ব্যানার্জি বলেন, “এই ধরনের অস্ত্রোপচার অত্যন্ত জটিল। সমগ্র পশ্চিমবঙ্গে খুব কম সংখ্যক এই ধরনের অপারেশন হয়েছে। আমরা সফলভাবে অস্ত্রোপচারটি সম্পন্ন করতে পেরে অত্যন্ত আনন্দিত।” সন্তানের সুস্থতায় খুশি পরিবার। চিকিৎসকদের ‘ভগবান’ বলেই মনে করছেন তারা। বর্তমানে শিশুটি অনেকটাই সুস্থ এবং দ্রুত সেরে উঠছে বলে হাসপাতাল সূত্রে জানা গিয়েছে। এই সাফল্য জঙ্গলমহলের সরকারি স্বাস্থ্য পরিষেবার উপর সাধারণ মানুষের আস্থা আরও বাড়িয়ে দিল।
  • Link to this news (News18 বাংলা)