• গুজব ছড়িয়ে টাকা কামানোর ধান্দা! অন্নপূর্ণা ভাণ্ডার নিয়ে কোনও অসাধু চক্রকে রেয়াত নয়, কড়া হুঁশিয়ারি পুলিশের
    News18 বাংলা | ২৩ মে ২০২৬
  • : ডিবিটি (DBT) লিঙ্ক করানোর নামে সাধারণ মানুষের কাছ থেকে টাকা আদায়ের অভিযোগ উঠল পুরুলিয়ার বরাবাজার ব্লকের একাধিক অনলাইন সেন্টারের বিরুদ্ধে। ‘অন্নপূর্ণা যোজনা’-র টাকা না পাওয়ার ভয়ে ভোর রাত থেকেই প্রখর দাবদাহ উপেক্ষা করে বিভিন্ন সেন্টারের সামনে দীর্ঘ লাইনে দাঁড়াতে দেখা যাচ্ছে সাধারণ মানুষকে। আর সেই আতঙ্ক ও বিভ্রান্তির সুযোগ নিয়েই কিছু অসাধু চক্র সাধারণ মানুষের কাছ থেকে কোথাও ২৫০ তো কোথাও ৫০০ টাকা পর্যন্ত নেওয়া হচ্ছে বলে অভিযোগ।

    স্থানীয় সূত্রে জানা গিয়েছে, গত কয়েকদিন ধরে বরাবাজার ব্লকের বিভিন্ন এলাকায় হঠাৎ করেই ডিবিটি লিঙ্ক করানোর হিড়িক পড়ে যায়। বিশেষ করে মহিলা ও প্রবীণ মানুষজন সকাল থেকেই অনলাইন সেন্টারগুলির সামনে লাইনে দাঁড়াচ্ছেন। তাঁদের অনেকেরই আশঙ্কা, ডিবিটি লিঙ্ক না করালে ‘অন্নপূর্ণা যোজনা’-র টাকা মিলবে না।

    এ বিষয়ে এলাকার বাসিন্দারা বলেন, ইন্টারনেটে বিভিন্ন জায়গায় শুনে তারা ডিবিডি লিঙ্ক করাতে এসেছেন। ২৫০ টাকা করে নেওয়া হচ্ছে এক একজনের কাছ থেকে। সেই টাকা দিয়েই লিঙ্ক করাতে এসেছেন। এই বিভ্রান্তি ও সাধারণ মানুষের হয়রানি নিয়ে মুখ খুলেছেন লবসেন বাস্কে। তিনি বলেন, সাধারণ মানুষ গুজবে কান দেবেন না। যারা সরকারি প্রকল্পের টাকা পাচ্ছেন, তারা সকলেই সরকারের অন্যান্য প্রকল্পের সুবিধাও পাবেন। কোনও দালালের কাছে না গিয়ে সরাসরি ব্লক অফিসে যোগাযোগ করুন।

    রাজ্য সরকারের পক্ষ থেকে স্পষ্ট জানানো হয়েছে, যাঁরা ইতিমধ্যেই লক্ষ্মীর ভাণ্ডার বা অন্যান্য সরকারি প্রকল্পের টাকা সরাসরি ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাচ্ছেন, তাঁরা স্বয়ংক্রিয়ভাবেই অন্নপূর্ণা যোজনার সুবিধাও পাবেন। এর জন্য নতুন করে কোনও ডিবিটি লিঙ্ক বা অতিরিক্ত টাকা খরচের প্রয়োজন নেই। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় বরাবাজার থানা পুলিশ। অনলাইন সেন্টারে গিয়ে পুলিশ আধিকারিকরা সাধারণ মানুষকে সচেতন করেন এবং সেন্টার মালিকদের কড়া হুঁশিয়ারি দেন। প্রশাসনের তরফে জানানো হয়েছে, ভবিষ্যতে কেউ যদি গুজব ছড়িয়ে সাধারণ মানুষের কাছ থেকে টাকা আদায় করে, তবে তার বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে। প্রশাসনের পক্ষ থেকে সাধারণ মানুষকে সচেতন থাকার আবেদন জানানো হয়েছে। কোনও গুজবে কান না দিয়ে প্রয়োজন হলে সরাসরি সরকারি দফতরে যোগাযোগ করার পরামর্শ দেওয়া হয়েছে।
  • Link to this news (News18 বাংলা)