• আমেরিকার বিদেশ সচিবের সঙ্গে বাণিজ্য-প্রতিরক্ষা নিয়ে আলোচনা, কী জানালেন প্রধানমন্ত্রী মোদী?
    এই সময় | ২৩ মে ২০২৬
  • শনিবার দিল্লির সেবাতীর্থে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে উচ্চ পর্যায়ের বৈঠক করলেন আমেরিকার বিদেশ সচিব মার্কো রুবিও। বাণিজ্য, প্রযুক্তি, প্রতিরক্ষা ক্ষেত্রে সহযোগিতা এবং ‘কোয়াড’ (QUAD) অংশীদারিত্ব-সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ ক্ষেত্রে ভারত ও আমেরিকার দ্বিপাক্ষিক সম্পর্ককে আরও জোরদার করার জন্যেই এই বৈঠক বলে জানিয়েছেন ভারতে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত সার্জিও গোর।

    ভারত, আমেরিকা, জাপান এবং অস্ট্রেলিয়াকে নিয়ে গঠিত হয়েছে ‘কোয়াড’ বা চতুর্দেশীয় অক্ষ। পৃথিবীর অন্যতম চার শক্তিশালী দেশকে নিয়ে এই জোটের পারস্পরিক সহযোগিতা ও সম্পর্ক দৃঢ় করতে রুবিওর এই ভারত সফর গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে।

    এই বৈঠকের পরে প্রধানমন্ত্রী মোদী এক্স হ্যান্ডলে লেখেন, ‘আমেরিকার বিদেশ সচিব মার্কো রুবিওকে স্বাগত জানাতে পেরে আমি আনন্দিত। আমরা ভারত ও আমেরিকার মধ্যেকার ‘কম্প্রিহেন্সিভ গ্লোবাল স্ট্র্যাটেজিক পার্টনারশিপ’-এর ধারাবাহিক অগ্রগতি এবং আঞ্চলিক ও বৈশ্বিক শান্তি ও নিরাপত্তা সম্পর্কিত বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেছি। বৈশ্বিক কল্যাণের স্বার্থে ভারত ও আমেরিকা নিবিড় ভাবে কাজ করে যাবে।’

    এ দিনের বৈঠকে দুই দেশের মধ্যে জ্বালানি নিরাপত্তা এবং ইন্দো-প্যাসিফিক অঞ্চলের কৌশলগত পরিস্থিতি নিয়েও আলোচনা হয়েছে বলে জানা গিয়েছে। মার্কিন প্রশাসনের তরফে বলা হয়েছে, ভারতকে ‘অত্যন্ত গুরুত্বপূর্ণ অংশীদার’ হিসেবে দেখা হচ্ছে এবং ভবিষ্যতে দুই দেশের সম্পর্ক আরও গভীর করতে চায় ওয়াশিংটন। সাম্প্রতিক সময়ে শুল্ক ও ভূ-রাজনৈতিক ইস্যু নিয়ে কিছুটা টানাপড়েন তৈরি হলেও, এই সফরকে সম্পর্ক মেরামত ও নতুন করে এগিয়ে নেওয়ার প্রচেষ্টা হিসেবে দেখা হচ্ছে।

    উল্লেখ্য, প্রথম ভারত সফরে এসেছেন আমেরিকার বিদেশ সচিব মার্কো রুবিও। এ দিন সকালে কলকাতায় অবতরণ করেন তিনি। নিজের পরিবারের সঙ্গে কলকাতার মাদার হাউস পরিদর্শন করেন তিনি। এর পরে দিল্লির উদ্দেশে রওনা দেন তিনি।

  • Link to this news (এই সময়)