সদ্যই আপ ছেড়ে বিজেপিতে যোগ দেওয়া রাঘব চাড্ডাকে এ বার রাজ্যসভার গুরুত্বপূর্ণ কমিটির মাথায় বসানো হলো। তাঁকে সংসদের উচ্চকক্ষের পিটিশন (আবেদন সংক্রান্ত) কমিটির চেয়ারম্যান করা হয়েছে।
রাজ্যসভার পিটিশন কমিটি নতুন করে গঠন করা হয়েছে। সে কথা জানানোও হয়েছে একটি বিজ্ঞপ্তি জারি করে। তাতে বলা হয়েছে, রাজ্যসভার চেয়ারম্যান সিপি রাধাকৃষ্ণণ ওই কমিটি নতুন করে গঠন করেছেন। ১০ জনকে কমিটির সদস্য হিসাবে মনোনীত করা হয়েছে। আর তার চেয়ারম্যান করা হয়েছে রাঘবকে। গত ২০ মে থেকে ওই কমিটি কাজ করা শুরু করেছে বলে জানানো হয়েছে বিজ্ঞপ্তিতে।
ভারতীয় নাগরিকদের পাঠানো বিভিন্ন অভিযোগ ও আবেদনপত্র পরীক্ষা-পর্যালোচনা করে কেন্দ্রীয় সরকারের কাছে প্রয়োজনীয় পদক্ষেপের সুপারিশ করাই পিটিশন কমিটির কাজ। রাঘব ছাড়া এই কমিটিতে বর্তমানে রয়েছেন— হর্ষ মহাজন, গুলাম আলি, শম্ভুশরণ পটেল, ময়ঙ্ককুমার নায়ক, মস্তান রাও যাদব বীধা, জেবি ম্যাথুর হিশাম, শুভাশিস খুন্তিয়া, রংওরা নারজারি এবং সন্দোষকুমার পি।
গত মাসে রাঘবকে রাজ্যসভার ডেপুটি দলনেতার পদ থেকে সরিয়ে দিয়েছিলেন আপ নেতৃত্ব। তার পরেই অরবিন্দ কেজরিওয়ালদের বিরুদ্ধে কার্যত বিদ্রোহ ঘোষণা করেন রাঘব। তা নিয়ে কিছু দিন টানাপড়েনও চলে। এর পর গত ২৪ এপ্রিল বিজেপিতে যোগ দেন রাঘব। তাঁর সঙ্গে পদ্মশিবিরে নাম লেখান প্রাক্তন ক্রিকেটার হরভজন সিং, দলের অন্যতম সম্পাদক সন্দীপ পাঠক, শিল্পপতি অশোক মিত্তল, রাজেন্দ্র গুপ্তা, বিক্রম সাহনে এবং স্বাতী মালিওয়াল।