• ২১-এর ভোট পরবর্তী হিংসায় উস্কানির অভিযোগ, থানায় হাজিরা স্বস্তিকার
    এই সময় | ২৩ মে ২০২৬
  • রাজ্যে পালাবদলের পরে ২০২১ সালের ভোট পরবর্তী হিংসায় জড়িতদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ শুরু করেছে পুলিশ। রাজ্যের বিভিন্ন থানায় এই সংক্রান্ত অভিযোগ দায়ের হচ্ছে নিয়মিত। গত বৃহস্পতিবার, ২১ মে গড়িয়াহাট থানায় ভোট-পরবর্তী হিংসায় উস্কানির অভিযোগে অভিনেতা পরমব্রত চট্টোপাধ্যায় ও স্বস্তিকা মুখোপাধ্যায়ের বিরুদ্ধেও অভিযোগ দায়ের হয়। শনিবার সেই অভিযোগের তদন্তে গড়িয়াহাট থানায় হাজির হন স্বস্তিকা মুখোপাধ্যায়। প্রায় এক ঘণ্টা তাঁকে জিজ্ঞাসাবাদ করা হয় বলে জানা গিয়েছে।

    ২০২১ সালের বিধানসভা নির্বাচনের ফলপ্রকাশের দিন অর্থাৎ ২ মে নিজের ফেসবুক প্রোফাইলে একটি পোস্ট করেন অভিনেতা পরমব্রত চট্টোপাধ্যায়। সেই পোস্টে একটি মন্তব্য করেছিলেন স্বস্তিকা মুখোপাধ্যায়। ২০২৬ সালে পালাবদলের পরে সোশ্যাল মিডিয়ায় সেই পোস্টটির ছবি নতুন করে ভাইরাল হতে শুরু করে।

    গত বৃহস্পতিবার, ২১ মে গড়িয়াহাট থানায় দুই অভিনেতার বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছিলেন আইনজীবী জয়দীপ সেন। ভোটের পরে সোশ্যাল মিডিয়ায় সেই মন্তব্য হিংসাত্মক ঘটনার পরিবেশ তৈরিতে সাহায্য করেছিল বলে অভিযোগ করা হয়েছিল।

    যদিও ঠিক কী জিজ্ঞাসাবাদ করা হয়েছে, এ ব্যাপারে প্রতিবেদন লেখা পর্যন্ত কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি স্বস্তিকা মুখোপাধ্যায়ের। ওই মামলায় অভিনেতা পরমব্রত চট্টোপাধ্যায়কে জিজ্ঞাসাবাদ করা হবে বলে পুলিশ সূত্রে খবর।

  • Link to this news (এই সময়)