• অস্ত্র উৎপাদনে ‘আত্মনির্ভর’ ভারত, ৩০ বছরে বৃহৎ রপ্তানিকারক দেশ হওয়ার সম্ভাবনা, দাবি রাজনাথের
    এই সময় | ২৪ মে ২০২৬
  • আধুনিক অস্ত্র, যুদ্ধবিমানের জন্য ভিন দেশের মুখাপেক্ষী হয়ে থাকতে হতো ভারত। সেই যুগ বদলাচ্ছে। আগামী ২৫ থেকে ৩০ বছরের মধ্যে ভারত বিশ্বের অন্যতম বৃহৎ অস্ত্র রপ্তানিকারক দেশে পরিণত হবে বলে শনিবার দাবি করলেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। উল্লেখ্য, সরকারি তথ্য অনুযায়ী ২০২৫-২৬ অর্থবর্ষে ভারতের প্রতিরক্ষা রপ্তানি রেকর্ড ৩৮,৪২৪ কোটি টাকায় পৌঁছেছে, যা আগের বছরের তুলনায় ৬২ শতাংশ বেশি।

    শনিবার মহারাষ্ট্রের শিরডিতে একটি গোলাবারুদ উৎপাদন কারখানার উদ্বোধন করতে হাজির ছিলেন রাজনাথ। সেই অনুষ্ঠানেই রাজনাথ বলেন, ‘একসময় যে ভারত বিদেশ থেকে অস্ত্র আমদানি করত, সেই দেশই এখন আত্মনির্ভরতার পথে দ্রুত এগোচ্ছে।’

    মন্ত্রী জানান, বর্তমানে ভারতের প্রতিরক্ষা উৎপাদন ব্যবস্থায় বেসরকারি সংস্থাগুলির অংশগ্রহণ উল্লেখযোগ্য ভাবে বেড়েছে। কয়েক বছর আগে যেখানে প্রতিরক্ষা ক্ষেত্রে বেসরকারি অংশীদারিত্ব ছিল খুবই সীমিত, এখন তা ২৫ থেকে ৩০ শতাংশে পৌঁছেছে। কেন্দ্রের লক্ষ্য ভবিষ্যতে এই অংশগ্রহণ ৫০ শতাংশে উন্নীত করা। তাঁর কথায়, ‘যে দেশ নিজের অস্ত্র নিজেই তৈরি করে, সেই দেশই নিজের ভবিষ্যৎ নিজে লিখতে পারে।’

    ‘মেক ইন ইন্ডিয়া’ এবং ‘আত্মনির্ভর ভারত’ উদ্যোগের ফলে ভারতের প্রতিরক্ষা শিল্পে বড় পরিবর্তন এসেছে। এখন বেসরকারি সংস্থাগুলি শুধু যন্ত্রাংশ সরবরাহ করছে না, আধুনিক অস্ত্র ব্যবস্থাও তৈরি করছে বলেও দাবি তাঁর।

    শিরডির নতুন প্রতিরক্ষা উৎপাদন কেন্দ্রটি প্রায় ২০০ একর জমির উপর গড়ে উঠেছে। এখানে আর্টিলারি বোমা শেল-সহ বিভিন্ন সামগ্রী তৈরি হবে। এই প্রকল্পে সরাসরি ও পরোক্ষভাবে প্রায় ২,০০০ মানুষের কর্মসংস্থান হবে বলেও জানানো হয়েছে।

  • Link to this news (এই সময়)