Big Breaking: গ্রেপ্তার কলকাতার পুরসভার তৃণমূল কাউন্সিলার সুদীপ পোল্লে। ১২৩ নম্বর ওয়ার্ডের কাউন্সিলার তিনি। কলকাতা পুরসভার ১৬ নম্বর বরোর চেয়ারম্যান পদেও রয়েছেন। তোলাবাজির অভিযোগে গ্রেপ্তার করা হলো তাঁকে। এই প্রথম কলকাতার পুরসভার কোনও কাউন্সিলার গ্রেপ্তার হলেন। এর আগেও নিয়োগ দুর্নীতি মামলায় সিবিআই তল্লাশির মুখে পড়েছিলেন সুদীপ পোল্লে।
বেহালা এলাকার কাউন্সিলার সুদীপ পোল্লে। ওই এলাকায় প্রভাবশালী তৃণমূল নেতাদের অন্যতম তিনি। সূত্রের খবর, শীলপাড়া এবং লাগোয়া কিছু এলাকার ব্যবসায়ীরা সুদীপ পোল্লের বিরুদ্ধে বেশ কয়েক লক্ষ টাকা তোলাবাজির অভিযোগ করেছেন। ঠাকুরপুকুর থানায় তোলাবাজির অভিযোগ করা হয়। ব্যবসায়ীদের ভয় দেখিয়ে টাকা নিতেন বলে অভিযোগ করা হয়েছে। তারপরেই সুদীপ পোল্লেকে গ্রেপ্তার করে কলকাতা পুলিশ।
গত কয়েকদিন ধরে তোলাবাজির অভিযোগ বাংলার নানা কোণে গ্রেপ্তার করা হয়েছে তৃণমূলের একাধিক নেতাকে। তার মধ্যে বিধাননগর পুরনিগমের ৪ জন কাউন্সিলারও রয়েছেন। প্রত্যেকের বিরুদ্ধে তোলাবাজি, সিন্ডিকেট চালানো এবং ভয় দেখিয়ে টাকা দাবি করার অভিযোগ দায়ের হয়েছে। দক্ষিণ দমদম পুরসভার কাউন্সিলারও পুলিশের হাতে গ্রেপ্তার হয়েছেন। এই আবহে এ বার কলকাতার পুরসভার এক কাউন্সিলারকেও গ্রেপ্তার করল পুলিশ।