• বিনামূল্যে ক্যান্সারের টিকা দেবে সরকার! ঘোষণা
    আজকাল | ২৪ মে ২০২৬
  • আজকাল ওয়েবডেস্ক: বিরাট ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। গোটা বিশ্বেই জরায়ুমুখ ক্যান্সারে আক্রান্তের সংখ্যা ক্রমশ বাড়ছে। আলাদা নয় এই বাংলাও। এবার সেই ক্যান্সারে প্রতিরোধে উদ্যোগী হল কেন্দ্র। সেই কর্মসূচিরই অংশ হিসাবে বাংলায় শুরু হতে চলেছে বিনামূল্যে টিকাকরণ কর্মসূচি। আগামী ৩০ মে থেকে শুরু হবে সেই কর্মসূচি। নবান্ন থেকে এমনই ঘোষণা করলেন শুভেন্দু অধিকারী। 

    নবান্ন থেকে সাংবাদিক বৈঠক করে মুখ্যমন্ত্রী জানান, কেন্দ্রের তরফ থেকে বাংলায় জরায়ুমুখ ক্যান্সার প্রতিরোধের ৭ লক্ষ ডোজ টিকা পাঠানো হচ্ছে। বিধানননগর মহকুমা হাসপাতাল থেকে শুরু হবে এই টিকাকরণ কর্মসূচি। শুভেন্দু জানান, সার্ভিক্যাল ক্যান্সারের প্রতিষেধক ৭ লক্ষের বেশি দেওয়া হবে পশ্চিমবঙ্গে। ১৪-১৫ বছরের কিশোরীদের দেওয়া হবে এই টিকা। আগামী ৩০ মে রাজ্যে আনুষ্ঠানিকভাবে চালু হবে এই প্রকল্প।

    এখানেই শেষ নয়, শুভেন্দু অধিকারী জানান, ৪৬৯টি প্রধানমন্ত্রী জন ঔষধি যোজনার সেন্টার তৈরি করা হবে। সেই সঙ্গে অমৃত প্রকল্পে ৫০ থেকে ১০০ শতাংশ ছাড়ে দুরারোগ্য ব্যধির ওষুধ বিতরণ করা হবে। কলকাতায় টিবি মুক্ত ভারতের ওয়ার্কশপ হবে। দুরারোগ্য ব্যাধির ক্ষেত্রে ওষুধে ৫০-৮০ শতাংশ পর্যন্ত ছাড় পাওয়া যাবে বলেও জানান মুখ্যমন্ত্রী শুভেন্দু।

    প্রসঙ্গত, সারা বিশ্বে প্রতি বছর নতুন করে সার্ভিক্যাল ক্যান্সারে আক্রান্ত হন প্রায় ৬ লাখ মহিলা। প্রতি বছর এই ক্যান্সারে মৃত্যু হয় প্রায় ৩.৪ লাখ মানুষের। মহিলারা সাধারণত যত ধরনের ক্য়ান্সারে আক্রান্ত হন, তার মধ্য়ে সার্ভিক্যাল ক্যান্সারে চতুর্থ নম্বরে রয়েছে। ভারতের ক্ষেত্রে এই ক্যান্সার মহিলাদের মধ্যে দ্বিতীয়তম। ভারতে প্রতি একলাখে ১৪ জন করে নতুন ভাবে এই ক্যান্সারে আক্রান্ত হন। এদেশের জনসংখ্যার নিরিখে যা যথেষ্ট উদ্বেগজনক। তাই এই ক্যান্সার প্রতিরোধ করতে বড় কর্মসূচি নিচ্ছে কেন্দ্রীয় সরকার। বিশেষজ্ঞদের দাবি, সময়ে এই টিকা নিয়ে নিলে ক্যান্সার প্রায় ৭৫-৮০ শতাংশ প্রতিহত করা সম্ভব হয়।
  • Link to this news (আজকাল)