উদ্বাস্তু মতুয়াদের কাছে বিশেষ আহ্বান মন্ত্রী অশোকের
আজকাল | ২৪ মে ২০২৬
আজকাল ওয়েবডেস্ক: এসআইআর প্রক্রিয়ায় সারা রাজ্যের পাশাপাশি বাগদা এলাকাতেও প্রচুর উদ্বাস্তু মতুয়া মানুষের নাম বাদ গিয়েছে ৷ সেই বাগদার প্রত্যন্ত গ্রামের মাটিতে দাঁড়িয়ে এবার মতুয়াদের দ্রুত সিএএতে আবেদন করতে আহ্বান জানালেন রাজ্যের খাদ্য ও সমবায় মন্ত্রী অশোক কীর্তনীয়া।
শনিবার তিনি গিয়েছিলেন বাগদার মালিপোতা গ্রাম পঞ্চায়েতের নিমিঝিমি গ্রামে৷ সেখানে তিনি মতুয়াদের একটি ধর্মীয় অনুষ্ঠানে যোগদান করেন৷ সেখানে উদ্বাস্তু মতুয়া মানুষদের সামনে আহ্বান জানিয়ে মন্ত্রী বলেন, "আপনাদের অনেকের নাম এসআইআর-এ বাদ গিয়েছে আপনারা দ্রুত সিএএতে আবেদন করুন। নাগরিকত্ব দেওয়ার দায়িত্ব প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির। আপনারা কেউই সরকারি সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত হবেন না৷"
খাদ্যমন্ত্রী হওয়ার পর থেকেই খাদ্য দপ্তরের রেশন দুর্নীতি নিয়ে সরব হয়েছেন অশোক বাবু৷ সেই প্রসঙ্গে এদিন তিনি বলেন, "দুর্নীতির মৌচাকে ঢিল মেরেছি৷ কয়েকটা মৌমাছি তো আক্রমণ করবেই ৷ তার আগেই তাদের নখ দাঁত ভেঙে দিতে হবে ৷ দুর্নীতির সঙ্গে কোন আপোষ করা হবে না৷"
অতীতে পঞ্চায়েত ভোটে রাজনৈতিক সন্ত্রাসের সাক্ষী থেকেছে এই রিমিঝিমি গ্রামের বহু মানুষ। তাদের উদ্দেশ্যে অশোক কীর্তনীয়ার বার্তা, "কারোর বাড়ির টালি বা জানলার কাজ ভেঙে দিলে প্রতিশোধ নেওয়া হয় না। মাফ করে দিলেই প্রতিশোধ হয়। কারণ যাকে মাফ করে দেবেন সে সারা জীবন প্রতিহিংসার দংশনে ভুগবে।" এদিন মন্ত্রী অশোক কীর্তনীয়াকে ঘিরে মতুয়া উদ্বাস্তু মানুষদের মধ্যে ব্যাপক উন্মাদনা আবেগ ছিল। কেউ জড়িয়ে ধরেন, কেউ এসে প্রণাম করে কেঁদে ফেলেন। অশোকবাবু বলেন, "আমি মতুয়া উদ্বাস্তু পরিবারের সন্তান, এটা আমি কখনও ভুলে যায়নি৷"