• একশো দিনের কাজের টাকা লোপাট! অভিযোগের তিরে তৃণমূল
    আজকাল | ২৪ মে ২০২৬
  • ​আজকাল ওয়েবডেস্ক: একশ দিনের কাজের জব কার্ডের টাকা দুর্নীতি এবং জালিয়াতির অভিযোগ তুলে পুলিশের দ্বারস্থ হলেন পূর্ব বর্ধমানের ভাতারের এরুয়ার গ্রাম পঞ্চায়েতের একদল মহিলা। অভিযোগের তির সরাসরি এরুয়ার গ্রাম পঞ্চায়েতের প্রধান শেখ হাসমত, উপপ্রধান নীলকান্ত অধিকারী-সহ স্থানীয় তৃণমূল নেতাদের বিরুদ্ধে। ​শনিবার ভাতার থানায় এসে লিখিত অভিযোগ দায়ের করেন ভুক্তভোগী মহিলারা। 

    তাঁদের মূল অভিযোগ, কাজ না করিয়েই তাঁদের নামের জব কার্ড ও ব্যাঙ্ক অ্যাকাউন্ট ব্যবহার করে লক্ষ লক্ষ টাকা তুলে নেওয়া হয়েছে, যার কোনও হদিস তাঁরা জানেন না। জব কার্ড জালিয়াতির অভিযোগ নিয়ে আন্দোলনকারী মহিলাদের একাংশ জানান, শুক্রবার  পঞ্চায়েতে গিয়ে তাঁরা জানতে পারেন যে তাঁদের নামে একাধিক ব্যাঙ্ক অ্যাকাউন্ট রয়েছে। পশ্চিমবঙ্গ গ্রামীণ ব্যাঙ্কের অ্যাকাউন্টে কীভাবে এবং কবে টাকার লেনদেন হয়েছে, সে বিষয়ে তাঁদের সম্পূর্ণ অন্ধকারে রাখা হয়েছিল। মহিলাদের দাবি, তাঁরা দিনমজুর ও সাধারণ পরিবারের মানুষ, পরিশ্রমের ন্যায্য টাকা পাওয়া তাঁদের অধিকার। অথচ তাঁদের টাকা এভাবে নয়ছয় করা হয়েছে। অভিযোগ, ​প্রতিবাদের করলে ‘বন্দুক ঠেকিয়ে’  প্রাণনাশের হুমকিও দেওয়া হয়েছে।

    এক মহিলা বলেন, “আমরা যখন এই দুর্নীতির কথা জানতে পেরে নিজেদের মধ্যে আলোচনা শুরু করি, তখন উপপ্রধান নীলকান্ত অধিকারী আমাদের বাড়িতে চড়াও হন। মাথায় বন্দুক ঠেকিয়ে হুমকি দেওয়া হয় যে, এই নিয়ে গ্রামে বেশি প্রচার করলে আমাদের মেরে ফেলা হবে। এমনকি অন্য ছেলেদের নিয়ে এসে আমাদের ওপর শারীরিক অত্যাচার করার হুমকিও দেওয়া হয়।”​তিনি আরও জানান, ২০২১ সালের বিধানসভা নির্বাচনের পর থেকেই তাঁদের ওপর রাজনৈতিক কারণে নানাভাবে অত্যাচার করা হচ্ছে। শুধু তাই নয়, কোলের শিশু থাকা সত্ত্বেও তাঁদের বাড়িতে থাকতে দেওয়া হয়নি এবং ঘরবাড়ি ভাঙচুরও করা হয়েছিল।​পুলিশের কাছে সুষ্ঠু তদন্তের দাবি জনিয়ে এদিন ভাতার থানায় শেখ কচি, অভিমন্যু দাস, শ্যামসুন্দর দাস, এনামুল হোসেন (বাপ্পি), বিশ্বনাথ দাস, ধ্রুপদ সিংহ এবং নীলকান্ত অধিকারী-সহ বেশ কয়েকজন স্থানীয় নেতার নামে লিখিত অভিযোগ জমা দিয়েছেন তাঁরা। ​গ্রামের মহিলাদের দাবি, তাঁদের নামের টাকা কারা এবং কীভাবে আত্মসাৎ করল, তার সঠিক তদন্ত করতে হবে। পাশাপাশি, এই দুর্নীতির সঙ্গে যুক্ত দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি এবং নিজেদের ন্যায্য পাওনা ফেরত চান তাঁরা। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
  • Link to this news (আজকাল)