• কাউন্সিলরের জুতোতেই পা পুরপ্রধানের, ঘোষণা ইস্তফার
    আজকাল | ২৪ মে ২০২৬
  • আজকাল ওয়েবডেস্ক: উত্তর ২৪ পরগণার গারুলিয়া পুরসভার বাকি কাউন্সিলরদের পথে হেঁটেই এবার গণ ইস্তফার ঘোষণা পৌরপ্রধান-সহ বাকি কাউন্সিলদেরও। শনিবার ১১ জন কাউন্সিলর গণইস্তফা দিয়েছেন। মোট ২১টি ওয়ার্ডের গারুলিয়া পুরসভায় এখনও ১০ জন কাউন্সিলর পদে রয়েছেন। 

    পৌরপ্রধান রমেন দাসের দাবি, কয়েকজন কাউন্সিলর বাইরে রয়েছেন, তাঁদেরও জানানো হয়েছে। আগামী সোমবারের মধ্যেই আরও ৮ জন-সহ তিনি নিজেও চেয়ারম্যান পদ থেকে ইস্তফা দেবেন। ফলে গারুলিয়া পুরসভার রাজনৈতিক সমীকরণে বর্তমানে বড়সড় টানাপোড়েন তৈরি হয়েছে। পদত্যাগের তালিকায় পুরসভায় একজন ফরওয়ার্ড ব্লক এবং একজন নির্দল কাউন্সিলরও রয়েছেন। বাকি তৃণমূলের কাউন্সিলরদের একাংশ ইতিমধ্যেই পদত্যাগ করায় প্রশাসনিক কাজকর্ম নিয়েও অনিশ্চয়তা তৈরি হয়েছে। 

    শনিবার তৃণমূলের যে ৯ জন ইস্তফা দিলেন তাঁরা সকলেই উপ-পুরপ্রধানের নেতৃত্বে ইস্তফা দিতে গিয়েছেন বলে দাবি পৌরপ্রধানের। এদিন উপ-পৌরপ্রধান অশোক সিং ১৭ নম্বর ওয়ার্ড, গৌতম বোস ৫ নম্বর ওয়ার্ড, তাপস বিশ্বাস ১ নম্বর ওয়ার্ড, চৈতালি সেন ১১ নম্বর ওয়ার্ড, অর্চনা চৌধুরী ১৫ নম্বর ওয়ার্ড, দুর্গাবতী চৌধুরী ৮ নম্বর ওয়ার্ড, সুপ্রিয়া খাতুন ৭ নম্বর ওয়ার্ড, সীমা পাল ২ নম্বর ওয়ার্ড-সহ অন্যান্যরা ইস্তফাপত্র দেন। 

    এই পরিস্থিতিতে পুরসভায় প্রশাসনিক সঙ্কট আরও গভীর হতে যাচ্ছে বলেই মনে করা হচ্ছে। যদিও বিরোধীদের দাবি, রাজনৈতিক চাপ ও অস্থিরতার জেরেই এই গণইস্তফার পরিস্থিতি তৈরি হয়েছে। পুরো ঘটনার দিকে নজর রয়েছে জেলা প্রশাসন ও রাজ্য রাজনৈতিক মহলের।
  • Link to this news (আজকাল)