আজকাল ওয়েবডেস্ক: তোলাবাজির অভিযোগে গ্রেপ্তার হলেন কলকাতার এক কাউন্সিলর। শনিবার রাতে কলকাতা পুরসভার ১২৩ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সুদীপ পোল্লেকে গ্রেপ্তার করেছে ঠাকুরপুকুর থানার পুলিশ। এদিনই ঠাকুরপুকুর থানায় ওই কাউন্সিলরের বিরুদ্ধে তোলাবাজির অভিযোগ দায়ের করা হয়েছিল। সেই অভিযোগের ভিত্তিতে তাঁকে গ্রেপ্তার করেছে পুলিশ।
জানা গিয়েছে, এক ব্যবসায়ী তাঁর বিরুদ্ধে তোলাবাজির অভিযোগ দায়ের করেন। ওই ব্যবসায়ীর দাবি, তাঁর কাছ থেকে পাঁচ লক্ষ চেয়েছিলেন সুদীপ। না দিলে দোকান গুঁড়িয়ে দেওয়া হুমকিও দেওয়া হয়েছিল। ভারতীয় ন্যায় সংহিতার ধারায় সুদীপের বিরুদ্ধে মামলা দায়ের করে ঠাকুরপুকুর থানার পুলিশ। এরপরেই তাঁকে গ্রেপ্তার করা হয়।
রাজ্যে পট পরিবর্তনের এই প্রথম কলকাতা পুরসভার কোনও কাউন্সিলর গ্রেপ্তার হলেন। এর আগে আর্থিক দুর্নীতি, টাকা তছরুপ, হুমকি, মারধর-সহ নানা অভিযোগে গ্রেপ্তার হয়েছেন তৃণমূলের নানা নেতানেত্রী। গত সাত দিনে গ্রেপ্তারির সংখ্যা অনেক।
২০১০ সাল থেকে বেহালার ১২৩ নং ওয়ার্ডের কাউন্সিলর সুদীপ। প্রাক্তন মেয়র শোভন চ্যাটার্জির সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক ছিল বলে জানা গিয়েছে। শোভনের পরে মেয়র ফিরহাদ হাকিমের সঙ্গে ঘনিষ্ঠতা বাড়ে। ২০২৪ সালে একটি নির্মাণজনিত ঘটনায় প্রকাশ্যে সুদীপকে বকাও দিয়েছিলেন ফিরহাদ।
তৃণমূল কাউন্সিলরের গ্রেপ্তারিতে স্থানীয় এক বাসিন্দা বলেন, “পাড়ার একটি কাজে থানায় এসেছিলাম। থানার দৃশ্য দেখে অবাক। ১২৩ নম্বর ওয়ার্ডের পৌরপিতা এবং ১৬ নং বরোর চেয়ারম্যানকে থানায় বসে থাকতে দেখে খুব আনন্দ পেয়েছি। যেভাবে প্রতিটি মানুষকে হুমকি দিয়েছেন, যেভাবে ভয় দেখিয়েছেন, তাঁর গ্রেপ্তারিতে খুব খুশি হয়েছি।”