দিঘার সমুদ্রেই সব শেষ! আর ফেরা হল না বাড়ি, মর্মান্তিক মৃত্যু বাগুইআটির ৩৫-এর যুবকের
News18 বাংলা | ২৪ মে ২০২৬
দিঘার সমুদ্রে স্নান করতে নেমে তলিয়ে মৃত্যু বাগুইআটির যুবকের৷ উইকএন্ডের ছুটিতে দিঘায় বেড়াতে এসে আর বাড়ি ফেরা হল না কলকাতার এক যুবকের।
শনিবার দুপুরে ওল্ড দিঘার মাসিরবাড়ি ঘাটে সমুদ্রে স্নান করতে নেমে তলিয়ে মৃত্যু হল তাঁর। পুলিশ জানিয়েছে, মৃত পর্যটকের নাম চিরঞ্জিত সরকার (৩৫)। তিনি কলকাতার বাগুইআটি থানার ৪ নম্বর কলোনির বাসিন্দা ছিলেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ন্ধুদের সঙ্গে দিঘায় এসেছিলেন চিরঞ্জিত। শনিবার দুপুর দুটো নাগাদ স্নান করার সময় কিছুটা বেপরোয়া হয়ে তিনি গভীর জলের দিকে চলে যান এবং উত্তাল ঢেউয়ের টানে তলিয়ে যান। বন্ধুদের চিৎকার শুনে সৈকতের নুলিয়াকর্মীরা দ্রুত তাঁকে অচেতন অবস্থায় উদ্ধার করে দিঘা স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে যান। কিন্তু সেখানে চিকিৎসকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।এই মর্মান্তিক দুর্ঘটনায় মৃতের পরিবার ও বন্ধুদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। ঘটনার তদন্ত শুরু করেছে দিঘা থানার পুলিশ।
দিঘার সমুদ্রে আকছারই ঘটে চলেছে এই দুর্ঘটনা৷ গরম পড়তে না পড়তেই দিঘায় উপচে পড়ছে পর্যটকদের ভিড়৷ স্বস্তির নিঃশ্বাস নিতে সকলেই ছুটে যাচ্ছেন দিঘা৷ তবে সমুদ্র সৈকতে মজা করাটাই অনেক সময় কাল হয়ে দাঁড়াচ্ছে পর্যটকদের৷ গত মাসেই দিঘার হলিডে হোম ঘাটে সমুদ্র স্নানে নামেন এক পর্যটক। জোয়ারের সময় সমুদ্র উত্তাল থাকায় হঠাৎ করেই তিনি গভীর জলে তলিয়ে যেতে থাকেন। পাড় থেকে অন্যান্য পর্যটকরা চিৎকার শুরু করলে সেখানে কর্তব্যরত নুলিয়ারা বিষয়টি লক্ষ্য করেন। এক মুহূর্ত সময় নষ্ট না করে নুলিয়ারা উত্তাল সমুদ্রে নামে। আপ্রাণ চেষ্টার পর অচৈতন্য অবস্থায় ওই পর্যটককে উদ্ধার করে।এরপর তৎক্ষণাৎ তাকে উদ্ধার করে দিঘা স্টেট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।