• শিলিগুড়িতে দেড় দশকের দুর্নীতির ইকোসিস্টেম নিয়ে পুরনিগম-SJDA-কে নিশানা শঙ্কর ঘোষের
    News18 বাংলা | ২৪ মে ২০২৬
  • : আগের শাসকদলের মদতেই শিলিগুড়িতে প্রশাসনিক স্তরে দুর্নীতির সিন্ডিকেট গড়ে উঠেছে বলে বিস্ফোরক অভিযোগ তুললেন বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ। শনিবার সাংবাদিক বৈঠকে শিলিগুড়ি মহকুমা পরিষদ, শিলিগুড়ি পুরনিগম এবং SJDA-কে একযোগে নিশানা করে তিনি দাবি করেন, গত দেড় দশক ধরে এই সংস্থাগুলিকে ঘিরে দুর্নীতি, কাটমানি এবং প্রভাব খাটানোর রাজনীতি চলছে।

    বিধায়কের অভিযোগ, প্রশাসনের একাংশ, রাজনৈতিক প্রভাবশালী মহল এবং কিছু অসাধু ব্যক্তিকে সামনে রেখে সাধারণ মানুষের টাকার অপব্যবহার করা হচ্ছে। উন্নয়নের নামে একাধিক প্রকল্পে অনিয়ম হয়েছে বলেও ইঙ্গিত দেন তিনি। তার কথায়, শিলিগুড়িতে একটা গোটা দুর্নীতির ইকোসিস্টেম তৈরি হয়েছে, যেখানে সাধারণ মানুষের স্বার্থ সবচেয়ে বেশি উপেক্ষিত।

    শঙ্কর ঘোষ আরও বলেন, দীর্ঘদিন ধরে বিভিন্ন অভিযোগ সামনে এলেও প্রশাসন কার্যত নীরব দর্শকের ভূমিকা পালন করছে। তাই এবার নিরপেক্ষ তদন্তের মাধ্যমে পুরো চক্রকে প্রকাশ্যে আনার দাবি জানান তিনি। প্রয়োজনে বিষয়টি রাজ্যের উচ্চস্তর পর্যন্ত নিয়ে যাওয়ারও হুঁশিয়ারি দেন বিজেপি বিধায়ক। এদিন শহরের নিকাশি ব্যবস্থা নিয়েও তীব্র আক্রমণ শানান তিনি। বর্ষার আগে ড্রেন পরিষ্কার ও জল নিষ্কাশনের পর্যাপ্ত ব্যবস্থা না হওয়ায় আগামী দিনে শহরজুড়ে জলযন্ত্রণার আশঙ্কা প্রকাশ করেন শঙ্কর ঘোষ। তার অভিযোগ, প্রচার বেশি, কাজ কম আর সেই কারণেই প্রতি বছর একই সমস্যার মুখে পড়তে হচ্ছে শহরবাসীকে।

    সব মিলিয়ে, শঙ্কর ঘোষের এই বিস্ফোরক মন্তব্য ঘিরে শিলিগুড়ির রাজনৈতিক মহলে নতুন করে চাপানউতোর শুরু হওয়ার ইঙ্গিত মিলছে।
  • Link to this news (News18 বাংলা)