এক রাতেই সব ওলটপালট! পুঞ্চায় সাপে কেটে শিশুর মৃত্যুতে কড়া পদক্ষেপ প্রশাসনের, ৪ লক্ষের আর্থিক সাহায্য
News18 বাংলা | ২৪ মে ২০২৬
: এক রাতের মধ্যেই বদলে গেল একটি পরিবারের পৃথিবী। এলোমেলো হয়ে গেল সবকিছু। সর্পদংশনে মৃত্যু হল মাত্র আট বছরের অরুপ গোপের। সেই শোকের আবহেই মৃত শিশুর পরিবারের পাশে দাঁড়াল রাজ্য সরকার। মুখ্যমন্ত্রীর নির্দেশে শনিবার পুরুলিয়ার পুঞ্চা ব্লকের হাতিয়াড় গ্রামে পৌঁছে প্রশাসনের পক্ষ থেকে অরুপের পরিবারের হাতে তুলে দেওয়া হল চার লক্ষ টাকার আর্থিক সহায়তার চেক।
গত শুক্রবার গভীর রাতে সাপে কামড়ানোর পর অরুপকে তড়িঘড়ি ভর্তি করা হয় পুঞ্চা ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে। কিন্তু শেষরক্ষা হয় নি। হাসপাতালেই মৃত্যু হয় শিশুটির। আর সেই মৃত্যুর পরই ক্ষোভে ফেটে পড়েন স্থানীয় বাসিন্দা ও পরিবারের সদস্যরা। চিকিৎসায় গাফিলতির অভিযোগ তুলে উত্তাল হয়ে ওঠে হাসপাতাল চত্বর। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে মোতায়েন করা হয় বিশাল পুলিশ বাহিনী ও কেন্দ্রীয় বাহিনী।
ঘটনার জেরে প্রশাসনের তরফে শুরু হয় উচ্চপর্যায়ের তদন্ত। প্রাথমিক পদক্ষেপ হিসেবে দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয় কর্তব্যরত চিকিৎসক এবং ব্লক স্বাস্থ্য আধিকারিক নবকুমার বিশ্বাসকে। এ দিন হাতিয়াড় গ্রামে পৌঁছন পুরুলিয়ার জেলাশাসক সুধীর কোণ্ঠাম, মানবাজার মহকুমাশাসক মহম্মদ মানজার হোসেন আঞ্জুম, মানবাজারের বিধায়ক ময়না মুর্মু, পুঞ্চা ব্লকের বিডিও দ্বীপ চ্যাটার্জি, পুঞ্চা থানার আইসি দীপঙ্কর বিশ্বাস-সহ প্রশাসনের একাধিক আধিকারিক। তাঁরা মৃত শিশুর পরিবারের সঙ্গে কথা বলেন এবং পাশে থাকার আশ্বাস দেন। প্রশাসনের পক্ষ থেকে অরুপের বাবার হাতে চার লক্ষ টাকার চেক তুলে দেওয়া হয়।
এ বিষয়ে জেলাশাসক সুধীর কোণ্ঠাম জানান, এই কঠিন সময়ে রাজ্য সরকার ও জেলা প্রশাসন পরিবারটির পাশে রয়েছে। ভবিষ্যতেও সবরকম সহযোগিতা করা হবে। শিশু মৃত্যুর ঘটনায় উত্তাল হয়েছিল পুরুলিয়ার পুঞ্চা। একের পর এক বিক্ষোভের চিত্র উঠে এসেছিল। পরিবারের পক্ষ থেকে দোষীর উপযুক্ত শাস্তির দাবি তোলা হয়েছে বারংবার। ঘটনাকে ঘিরে পরিবার ও এলাকায় শোকের ছায়া রয়েছে।