• সেচ দফতরের আধিকারিকদের সঙ্গে নিয়ে সন্দেশখালির 'গ্রাউন্ড জিরোয়' বিধায়ক
    News18 বাংলা | ২৪ মে ২০২৬
  • বর্ষার আগে সন্দেশখালির নদীবাঁধ পরিদর্শনে বিধায়ক সনৎ সর্দার, সঙ্গে সেচ দফতরের আধিকারিকরা।  বর্ষা আসার আগেই নদীবাঁধের নিরাপত্তা ও সংস্কার পরিস্থিতি খতিয়ে দেখতে সক্রিয় হলেন সন্দেশখালির নবনির্বাচিত বিধায়ক সনৎ সর্দার। এদিন সন্দেশখালির বিভিন্ন নদীবাঁধ এলাকা পরিদর্শনে যান এলাকার বিধায়ক। তার সঙ্গে ছিলেন সেচ দফতরের আধিকারিকরা। নদী বেষ্টিত এই অঞ্চলে প্রতি বছর বর্ষার সময় নদীবাঁধ ভাঙন ও প্লাবনের আশঙ্কা থাকে।

    সেই পরিস্থিতি এড়াতে আগাম প্রস্তুতি কতটা হয়েছে, তা সরেজমিনে খতিয়ে দেখতেই এই পরিদর্শন বলে জানা গিয়েছে। এদিন সন্দেশখালির একাধিক স্পর্শকাতর নদীবাঁধ এলাকায় গিয়ে বাঁধের বর্তমান অবস্থা পরিদর্শন করেন বিধায়ক ও সেচ দফতরের আধিকারিকরা। কোথাও বাঁধের গায়ে ফাটল, কোথাও মাটি সরে যাওয়া, আবার কোথাও নদীর জোয়ারের চাপে ক্ষয় এমন একাধিক সমস্যা সামনে আসে। স্থানীয় বাসিন্দারাও তাদের দীর্ঘদিনের উদ্বেগের কথা তুলে ধরেন। তাদের অভিযোগ, বহু জায়গায় বাধ দুর্বল হয়ে পড়লেও সময়মতো স্থায়ী সংস্কারের উদ্যোগ নেওয়া হয় না ফলে প্রতি বর্ষায় আতঙ্কে থাকতে হয় সাধারণ মানুষকে।

    পরিদর্শনের সময় স্থানীয়দের সঙ্গে কথা বলেন বিধায়ক সনৎ সর্দার। তিনি জানান, সুন্দরবন সংলগ্ন এই এলাকায় নদীবাঁধই মানুষের প্রধান ভরসা। বাঁধ দুর্বল হলে বিস্তীর্ণ এলাকা জলমগ্ন হয়ে পড়তে পারে, ক্ষতি হতে পারে চাষের জমি ও বসতবাড়ির। তাই বর্ষার আগে সব দুর্বল অংশ চিহ্নিত করে দ্রুত মেরামতির ব্যবস্থা করার জন্য সেচ দফতরকে নির্দেশ দেওয়া হয়েছে বলে তিনি জানান। সেচ দফতরের আধিকারিকরাও বিভিন্ন জায়গার পরিস্থিতি নথিভুক্ত করেন।

    কোথায় জরুরি ভিত্তিতে মাটি ফেলা দরকার, কোথায় সিমেন্ট ব্যাগ বসাতে হবে এবং কোন অংশে স্থায়ী সংস্কারের প্রয়োজন রয়েছে, তা নিয়ে প্রাথমিক পর্যবেক্ষণ করা হয়। সূত্রের খবর, খুব শীঘ্রই ক্ষতিগ্রস্ত বাঁধগুলির মেরামতির কাজ শুরু হতে পারে। প্রতি বছর বর্ষা ও ঘূর্ণিঝড়ের সময় সন্দেশখালির বিস্তীর্ণ এলাকায় নদীর জল ঢুকে পড়ার আশঙ্কা থাকে। অতীতে একাধিকবার বাঁধ ভেঙে ক্ষতিগ্রস্ত হয়েছেন হাজার হাজার মানুষ। তাই এবারের আগাম পরিদর্শনকে ইতিবাচক হিসেবেই দেখছেন এলাকার বাসিন্দারা। তাদের আশা, শুধুমাত্র আশ্বাস নয়, দ্রুত কার্যকরী পদক্ষেপও গ্রহণ করা হবে।
  • Link to this news (News18 বাংলা)