• দ্রুত শূন্যপদ পূরণ রাজ্যে! কোথায় কত কর্মী সংকট, ৩ জুনের মধ্যে তথ্য চাইলেন মুখ্যমন্ত্রী
    প্রতিদিন | ২৪ মে ২০২৬
  • রাজ্যে রাজনৈতিক পালাবদলের পর বিভিন্ন সরকারি দপ্তরের কাজে গতি বাড়াতে তৎপর শুভেন্দু অধিকারীর সরকার। কোন দপ্তরে কত শূন্যপদ রয়েছে, তার হিসেব চেয়ে পাঠালেন মুখ্যমন্ত্রী (CM Suvendu Adhikari)। আগামী ৩ জুনের মধ্যে এই তথ্য তাঁর হাতে তুলে দিতে হবে বলে শনিবার বিজ্ঞপ্তি জারি করলেন রাজ্যের অতিরিক্ত মুখ্যসচিব। সংশ্লিষ্ট দপ্তরের ডিরেক্টর পদাধিকারীদের এই দায়িত্ব দেওয়া হয়েছে। ওয়াকিবহাল মহলের মত, দ্রুতই শূন্যপদ পূরণের প্রক্রিয়া শুরু হবে।

    মুখ্যমন্ত্রী হয়েই শুভেন্দু অধিকারীর বার্তা ছিল, সরকারি দপ্তরে আর ‘আঠেরো মাসে বছর’ নয়। জনগণকে পরিষেবা দিতে ঘড়ি ধরে কাজ করতে হবে কর্মীদের। যে কোনও সময় অফিস থেকে বেরিয়ে যাওয়া চলবে না। মুখ্যমন্ত্রী নিজেও অতি দ্রুতগতিতে কাজ সারছেন। বিশেষত আটকে থাকা প্রকল্পগুলি তাড়াতাড়ি চালু করতে প্রয়োজনীয় উদ্যোগ নিয়ে নতুন ঘোষণা করছেন। কিন্তু এই কাজ করতে গিয়ে তিনি যে সমস্যার মুখোমুখি হচ্ছেন, তা হল দপ্তরগুলিতে প্রচুর কর্মী সংকট। তাই সেই সমস্যা মেটাতে তিনি প্রতিটি দপ্তরের কাছে শূন্যপদের তালিকা চেয়ে পাঠিয়েছেন। তা ৩ জুনের মধ্যে জমা দিতে হবে।

    আসলে মমতা বন্দ্যোপাধ্যায়ের শাসনামলের মাঝামাঝি সময় থেকেই বিভিন্ন সরকারি দপ্তরে কর্মী সংকট দেখা গিয়েছিল। কখনও অবসরপ্রাপ্তদের মেয়াদ বাড়িয়ে, কখনও চুক্তিভিত্তিতে কর্মী নিয়োগ করে কাজ চালানো হয়েছে। শূন্যপদে স্থায়ী কর্মী নিয়োগের ক্ষেত্রে বেশ কিছু আইনি বাধা ছিল। তার মূল কারণ, বেআইনিভাবে কর্মী নিয়োগের পাহাড়প্রমাণ অভিযোগ উঠেছিল তৃণমূল সরকারের বিরুদ্ধে। এনিয়ে একাধিক মামলা দায়ের হওয়ায় সেই জটে আটকে ছিল স্থায়ী নিয়োগ। মমতা বন্দ্যোপাধ্যায় একাধিকবার এনিয়ে উষ্মাপ্রকাশ করেছিলেন। তবে এবার নতুন সরকারের আমলে সেসব জট কেটে ফের সরকারি দপ্তরে নিয়োগের উদ্যোগ নেওয়া হল। আশা, দ্রুতই স্বচ্ছ প্রক্রিয়ার মাধ্যমে শূন্যপদ পূরণ করবে শুভেন্দুর নেতৃত্বাধীন সরকার।
  • Link to this news (প্রতিদিন)