• রাতের অন্ধকারে সরানো হচ্ছে পুরসভার ফাইল! সন্তোষ পাঠকের অভিযোগে হুলস্থূল
    প্রতিদিন | ২৪ মে ২০২৬
  • পালাবদলের পর থেকেই কলকাতা পুরসভায় শুরু হয়েছে ডামাডোল! অধিবেশন ডাকা নিয়ে নজিরবিহীন টানাপোড়েন চলেছে। প্রশ্ন উঠছে মেয়র ফিরহাদ হাকিমের ভূমিকা নিয়ে। এর মধ্যেই কলকাতা পুরসভায় ফাইল চুরির অভিযোগ! আর এই অভিযোগে কলকাতা পুরসভার সচিব কিশোর কুমার বিশ্বাসের দ্বারস্থ হলেন বিজেপি কাউন্সিলর সন্তোষ পাঠক। তাঁর অভিযোগ, রাতের অন্ধকারে সরিয়ে ফেলা হচ্ছে পুরসভার ফাইল। বিষয়টি গুরুত্ব দিয়ে দেখার দাবি জানিয়েছেন বিজেপি নেতা। আর এহেন অভিযোগ ঘিরে একেবারে হুলস্থূল কাণ্ড পুরসভায়।

    জানা যায়, কলকাতা পুরসভায় ট্রেজারি বিল্ডিংয়ে বস্তাবন্দি ফাইল পড়ে রয়েছে! সেই সংক্রান্ত খবর যায় বিজেপি কাউন্সিলর সন্তোষ পাঠকের কাছে। খবর পাওয়ামাত্র ট্রেজারি বিল্ডিংয়ে ছুটে যান তিনি। সন্তোষ পাঠক জানান, গত তিন চারদিন ধরে খবর পাচ্ছি যে ফাইল চুরি হচ্ছে। সেইমত টেজারি বিল্ডিংয়ে যাই। গিয়ে দেখা যায়, একটা নয় একাধিক বস্তায় নথি ভরা রয়েছে। সেগুলি রাতে সরিয়ে ফেলা হতে পারে বলেও আশঙ্কা প্রকাশ করেন বিজেপি নেতা। এরপরেই বিষয়টি পুর সচিবকে জানানো হয়েছে বলে জানিয়েছেন তিনি। সন্তোষ পাঠক জানিয়েছেন, রাতে নিরাপত্তা বাড়ানোর দাবি জানানো হয়েছে। সচিব প্রয়োজনীয় ব‌্যবস্থা নেবেন বলে আশ্বাস দিয়েছেন।

    রাজ্য পালাবদলের পর থেকে কলকাতা পুরসভায় শুরু হয়েছে একাধিক জটিলতা। তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়ি ভাঙার নির্দেশ ঘিরে তৈরি হয় বিতর্ক। এরমধ্যেই বাতিল হয় মেয়র পারিষদের বৈঠক। শুধু তাই নয়, গতকাল শুক্রবার পুরসভার মাসিক অধিবেশন হওয়ার কথা ছিল। কিন্তু সেই অধিবেশনে হঠাৎ করেই স্থগিতাদেশ দেওয়া হয়। কিন্তু শুক্রবার সকালে তৃণমূল কাউন্সিলররা পুরসভায় হাজির হন। কিন্তু কাউন্সিলররা এলেও তালাবন্ধ অধিবেশন কক্ষে তাঁরা ঢুকতে পারেননি। পুরসভার চেয়ারপার্সন মালা রায় ঘর খুলে দেওয়ার জন্য অনুরোধ করলেও ঘর খোলা হয়নি বলে অভিযোগ। এরপর অধিবেশন কক্ষের বাইরেই তৃণমূল কাউন্সিলরদের সঙ্গে সভা করেন মালা রায় ও ফিরহাদ হাকিম। এই সভাকেই ‘বেআইনি’ বললেন সজল ঘোষ। তিনি অভিযোগ করেন, আজকের অধিবেশনে কোনও বিরোধীকে ডাকা হয়নি। এভাবে অধিবেশন ডাকা যায় না। এই নিয়ে যখন ক্রমশ চড়ছে তরজা, তার মধ্যেই ফাইল চুরির অভিযোগ পুরসভায়।
  • Link to this news (প্রতিদিন)