ভোট পরবর্তী হিংসায় উস্কানিমূলক পোস্টে সমর্থনের অভিযোগ, স্বস্তিকাকে জিজ্ঞাসাবাদ পুলিশের
eTV Bharat | ২৩ মে ২০২৬
কলকাতা, 23 মে: পাঁচ বছর আগের একটি বিতর্কিত সোশাল মিডিয়া পোস্ট ঘিরে ফের শিরোনামে অভিনেত্রী স্বস্তিকা মুখোপাধ্যায় ৷ তাও আবার নিজের করা পোস্ট নয় ৷ অভিনেতা পরমব্রত চট্টোপাধ্যায়ের পোস্টে সমর্থন জানিয়ে করা কমেন্টের জেরে বিতর্ক টালিগঞ্জের ইন্ডাস্ট্রির এই নামী অভিনেত্রী ৷
2021 সালে ভোট-পরবর্তী হিংসার ঘটনায় দায়ের হওয়া মামলার তদন্তে শনিবার গড়িয়াহাট থানায় হাজিরা দিলেন অভিনেত্রী ৷ প্রায় এক ঘণ্টা থানা বসিয়ে তাঁকে জিজ্ঞাসাবাদ করেন তদন্তকারীরা ৷ একই মামলায় অভিনেতা পরমব্রত চট্টোপাধ্যায়কেও আগামী সাত দিনের মধ্যে হাজিরা দেওয়ার নির্দেশ দিয়েছে পুলিশ ৷ এই বিষয় নাম প্রকাশে অনিচ্ছুক কলকাতা পুলিশের এক আধিকারিক বলেন, "তদন্ত চলছে ৷ বয়ান খতিয়ে দেখা হচ্ছে ৷ এখনই কিছু বলা সম্ভব না ৷"
2021 সালের 2 মে বিধানসভা নির্বাচনের ফলপ্রকাশের দিন সোশাল মিডিয়ায় একটি পোস্ট করেছিলেন পরমব্রত চট্টোপাধ্যায় ৷ সেই পোস্টে লেখা ছিল, "আজ বিশ্ব রগড়ানি দিবস ঘোষিত হোক ৷" কিছুক্ষণের মধ্যেই সেই পোস্টে মন্তব্য করেন স্বস্তিকা মুখোপাধ্যায় ৷ অভিযোগ, ওই পোস্ট এবং মন্তব্যের মাধ্যমে ভোট পরবর্তী উত্তেজনা ও হিংসা ছড়িয়ে দেওয়ার চেষ্টা করেছিলেন অভিনেতা ৷
এই ঘটনা নিয়ে গত বৃহস্পতিবার আইনজীবী জয়দীপ সেন গড়িয়াহাট থানায় অভিনেতা ও অভিনেত্রীর বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন ৷ সেখানে তিনি দাবি করেন, পরমব্রত চট্টোপাধ্যায় এবং স্বস্তিকা মুখোপাধ্যায়ের ভূমিকা ন্যক্কারজনক ছিল। 2021 সালের 2 মে ভোটের ফল ঘোষণার পর বিকেলের দিকে সোশাল মিডিয়ায় পরমব্রত যে পোস্ট করেছিলেন এবং সেই পোস্টে স্বস্তিকা যে কমেন্ট করেছিলেন, তাতে উৎসাহিত হয়ে, অনুপ্রাণিত হয়ে বিজেপি কর্মী-সমর্থকদের উপর অকথ্য অত্যাচার চালিয়েছিল তৃণমূল কংগ্রেস। আইনজীবী জয়দীপ সেন তাঁর অভিযোগপত্রে এও লেখেন, ওই পোস্ট এবং কমেন্টের এক ঘণ্টার মধ্যেই বেলেঘাটার বিজেপি কর্মী অভিজিৎ সরকার খুন হন।
শনিবার দুপুরে গড়িয়াহাট থানায় পৌঁছান স্বস্তিকা মুখোপাধ্যায় ৷ তদন্তকারীরা তাঁর সঙ্গে প্রায় এক ঘণ্টা কথা বলেন বলে জানা গিয়েছে ৷ পোস্টের প্রেক্ষাপট, মন্তব্যের উদ্দেশ্য এবং সেই সময়কার পরিস্থিতি নিয়ে বিস্তারিত জিজ্ঞাসাবাদ করা হয়েছে বলে সূত্রের খবর ৷ এ নিয়ে ইটিভি ভারতের তরফে স্বস্তিকার কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি৷
পুলিশের তরফে এখনও সরকারিভাবে কিছু জানানো না-হলেও, তদন্তকারীরা সোশাল মিডিয়ায় ছড়িয়ে পড়া রাজনৈতিক বার্তা এবং তার সম্ভাব্য প্রভাব নিয়ে নতুন করে তথ্য সংগ্রহ করছেন বলে জানা গিয়েছে ৷ এই মামলায় অভিনেতা পরমব্রত চট্টোপাধ্যায়ের ভূমিকাও খতিয়ে দেখা হচ্ছে ৷ তদন্তকারী আধিকারিকরা তাঁকেও আগামী সাত দিনের মধ্যে থানায় হাজিরা দেওয়ার নির্দেশ দিয়েছেন ৷ তাঁর পোস্টের ভাষা ও উদ্দেশ্য নিয়ে প্রশ্ন তুলেছেন তদন্তকারীরাও ৷ তবে, পরমব্রতকে এ নিয়ে আগেই জানিয়েছিলেন, তিনি কোনও মন্তব্য করবেন না ৷
রাজনৈতিক মহলের একাংশের মতে, ভোট-পরবর্তী অশান্তির সময় পরমব্রত চট্টোপাধ্যায়ের মতো সেলিব্রেটির এমন সোশাল মিডিয়ায় করা পোস্ট ও মন্তব্য সেই সময়ের উত্তপ্ত পরিস্থিতিকে আরও প্রভাবিত করেছিল কি না, তা খতিয়ে দেখতেই তদন্ত এগোচ্ছে ৷
ঘটনাকে কেন্দ্র করে ইতিমধ্যেই রাজনৈতিক এবং সাংস্কৃতিক মহলে শুরু হয়েছে জোর বিতর্ক ৷ একাংশের মত, ব্যক্তিগত মতপ্রকাশের স্বাধীনতার প্রশ্ন এখানে উঠে আসছে ৷ অন্যদিকে বিরোধী মত বলছে, জনপরিচিত ব্যক্তিদের মন্তব্য সমাজে বড় প্রভাব ফেলে, তাই তাঁদের আরও দায়িত্বশীল হওয়া উচিত ৷