• সাইরেন বাজিয়ে ছাগল চুরি ! বিধায়কের তহবিলের অ্যাম্বুলেন্সে ধৃত 3
    eTV Bharat | ২৩ মে ২০২৬
  • দাদপুর, 23 মে: সাধারণত অ্যাম্বুলেন্সের সাইরেন শুনলে মানুষ রাস্তা ছেড়ে দেয় । কারণ, ভিতরে হয়তো মৃত্যুর সঙ্গে লড়ছেন কোনও রোগী । কিন্তু হুগলির দাদপুরে সেই অ্যাম্বুলেন্স থামিয়ে পুলিশ যা দেখল, তাতে চক্ষু চড়কগাছ ! রোগী নয়, অ্যাম্বুলেন্সে রোগীর বেডে ছিল দুটি চুরি হওয়া ছাগল !

    ঘটনাটি ঘটেছে হুগলির দাদপুরের সারখোলা গ্রামে । অভিযোগ, ধনিয়াখালির তৃণমূল বিধায়ক অসীমা পাত্রের উন্নয়ন তহবিলের টাকায় কেনা অ্যাম্বুলেন্সই ব্যবহার করা হচ্ছিল ছাগল চুরির কাজে । ঘটনায় গ্রেফতার করা হয়েছে তিন যুবককে ।

    স্থানীয় সূত্রে খবর, শনিবার গভীর রাতে গ্রামের রাস্তায় উদ্দেশ্যহীনভাবে ঘুরছিল একটি অ্যাম্বুলেন্স । রাতবিরেতে রোগী নেই, তবু বারবার গ্রামে চক্কর ! কারণ কী ! তাতেই সন্দেহ হয় স্থানীয়দের । খবর যায় দাদপুর থানায় । এরপর পুলিশ অভিযান চালিয়ে অ্যাম্বুলেন্সটি আটক করে ।

    পুলিশের দাবি, অ্যাম্বুলেন্স খুলতেই সামনে আসে 'রহস্য' ! ভিতরে ছিল দুটি ছাগল । অভিযোগ, গ্রামের এক গৃহস্থের গোয়াল থেকে ছাগল চুরি করে সেগুলি নিয়ে চম্পট দেওয়ার ছক ছিল অভিযুক্তদের । ধৃতদের নাম আহমেদ আলি সরকার, দীপঙ্কর রায় ও রজত ক্ষেত্রপাল । তাদের জিজ্ঞাসাবাদ করে প্রথমে কোনও সদুত্তর পায়নি পুলিশ । পরে স্থানীয়দের অভিযোগের ভিত্তিতে তিনজনকেই গ্রেফতার করা হয় । পুলিশের দাবি, জেরায় ধৃতরা ছাগল চুরির কথা স্বীকার করেছে ৷ তাদের বক্তব্য, নেশার ঘোরে ভুল করে চুরি করে ফেলেছে ৷

    গ্রামবাসীদের একাংশের দাবি, এ যেন বহুদিনের 'ছাগল চক্র'র পর্দাফাঁস । স্থানীয় বাসিন্দা মধুসূদন বাগ বলেন, "এর আগেও কয়েকবার ছাগল চুরি হয়েছিল । তখন বুঝতে পারিনি কীভাবে উধাও হচ্ছে । এখন তো দেখছি, ছাগলেরও অ্যাম্বুলেন্স সার্ভিস চালু হয়েছিল !"

    বকরি ঈদ যত এগিয়ে আসছে, বাজারে ছাগলের দামও তত চড়ছে । আর সেই সুযোগেই সক্রিয় হয়েছে চোরচক্র, এমনটাই মনে করছেন স্থানীয়রা।

    ঘটনায় অস্বস্তিতে পঞ্চায়েতও । জানা গিয়েছে, 2023 সালে বিধায়ক তহবিল থেকে দাদপুর গ্রাম পঞ্চায়েতকে অ্যাম্বুলেন্সটি দেওয়া হয়েছিল । পরে সেটি মিজানুর রহমান নামে এক ব্যক্তির কাছে লিজে দেওয়া হয় । সেই থেকেই চলছিল গাড়িটি । এ ব্যাপারে দাদপুর গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান শুভজিৎ বারিক বলেন, "মানুষের চিকিৎসার সুবিধার জন্য অ্যাম্বুলেন্স দেওয়া হয়েছিল । সেটা যে ছাগল চুরির কাজে ব্যবহার করা হবে, ভাবতেই পারিনি !"
  • Link to this news (eTV Bharat)