কলকাতা, 23 মে: 31 বছর পর বড় পর্দায় 'যুগান্ত' জুটিকে ফিরিয়ে এনেছেন পরিচালক সমর্পণ সেনগুপ্ত। অঞ্জন দত্ত এবং রূপা গঙ্গোপাধ্যায়কে নিয়ে 'প্রত্যাবর্তন' বানিয়েছেন পরিচালক। 1 মে মুক্তি পেয়েছে সেই ছবি। আজ 22 দিন ধরে সিনেমা হলে চলছে সেই ছবি। গত রবিবার নন্দনে স্পেশাল স্ক্রিনিং হয় সেই ছবির। পরিচালকের দাবি 22 দিন 42 লক্ষ টাকা ব্যবসা করেছে তাঁদের ছবি। অথচ সামাজিক মাধ্যমে কোনও এক পেজ থেকে খবর ছড়াচ্ছে যে এই ছবির ব্যবসা মাত্র 9 লক্ষ।
কীসের ভিত্তিতে এই হিসেব দেখানো হচ্ছে তা নিয়ে প্রতিবাদে সোচ্চার হয়েছেন পরিচালক, প্রযোজক। সাংবাদিকের তরফে প্রশ্ন যায়, তাঁরা কি আইনি পথে হাঁটবেন? এই নিয়ে পরিচালক সমর্পণ সেনগুপ্ত বলেন, "এটা প্রযোজক বলতে পারবেন। কেননা তিনি টাকা লগ্নি করে বসে আছেন।" সমর্পণের দাবি, "এভাবে যদি আয়ের হিসেব দেখানো হয় তা হলে তো আমরা এর পরের কাজে আর প্রযোজকই পাবো না। সকলের হয়ে আজ আমিই প্রথম এই নিয়ে সোচ্চার হলাম। আমার মতো এরকম অনেক পরিচালকের ছবির ব্যবসা এভাবে কমিয়ে দেখানো হয়। জানতে চাই কীসের ভিত্তিতে এই অঙ্কটা দেখায় তারা?"
উল্লেখ্য,'প্রত্যাবর্তন' নামে আরও একটি ছবি বানিয়েছেন চিকিৎসক শুদ্ধস্বত্ব চট্টোপাধ্যায়। প্রযোজনায় পাঞ্চালি চট্টোপাধ্যায়। একই নামে দুটি ছবি কীভাবে অনুমতি পায় সেই অভিযোগও তোলেন সমর্পণ সেনগুপ্ত। প্রসঙ্গত, নিপাট ফ্যামিলি ড্রামায় মোড়া সমর্পণ সেনগুপ্তর 'প্রত্যাবর্তন'। পরিচালকের এটিই প্রথম বড়পর্দার ছবি। 'শ্রী অভিজ্ঞান ড্রিমওয়ার্কস প্রাইভেট লিমিটেড'-এর প্রযোজনায় এই ছবি। চিত্রনাট্য ও পরিচালনা সমর্পণ সেনগুপ্তরই। প্রযোজক অভিজিৎ চট্টোপাধ্যায়, চিত্রগ্রহণে গোপী ভগত, শিল্প নির্দেশনায় তন্ময় চক্রবর্তী,সঙ্গীত পরিচালনায় বনি চক্রবর্তী, সহ-চিত্রনাট্যকার অনির্বাণ ঘোষাল ও অভিজিৎ চ্যাটার্জি। সংলাপ লিখেছেন সমর্পণ সেনগুপ্ত। পোশাক পরিকল্পনায় প্রীতি রক্ষিত।
অঞ্জন দত্ত এবং রূপা গঙ্গোপাধ্যায় ছাড়াও বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন শিলাজিৎ মজুমদার, অপরাজিতা আঢ্য,খরাজ মুখার্জি, কনীনিকা বন্দ্যোপাধ্যায়, গৌরব তপাদার, দেবরঞ্জন নাগ, অরুণাভ খাসনবিশ, দীপাঞ্জন ঘোষ (আরজে দীপ), রূপালী ভট্টাচার্য, ডা. কৌশিক ঘোষ, অলোক সান্যাল, সুপ্রভ টেগোর, রানা বসু ঠাকুর-সহ আরও অনেকে।