ফেডারেশনের বিশেষ সভায় অনুমোদন পেল না জিনিয়াস স্পোর্টসের বাণিজ্যিক বিড
eTV Bharat | ২৩ মে ২০২৬
কলকাতা, 23 মে: ভারতীয় ফুটবলে বিনিয়োগের জন্য অনুমোদন পেল না লন্ডনের সংস্থা জিনিয়াস স্পোর্টস ৷ বলা ভালো অনুমোদন দেওয়া হল না ৷
কলকাতায় শনিবার অনুষ্ঠিত এআইএফএফের বিশেষ সাধারণ সভায় শনিবার গুরুত্বপূর্ণ কয়েকটি বিষয়ে আলোচনা হলেও আগামী মরশুম থেকে আইএসএলের বাণিজ্যিক স্বত্ত্বের বিষয়টি চূড়ান্ত হল না ৷ বিষয়টি ফের সর্বভারতীয় ফুটবল ফেডারেশনের এক্সিকিউটিভ কমিটির কাছে পাঠানো হয়েছে ৷ সেখানে পুনরায় আলোচনার মাধ্যমে সিদ্ধান্ত নেওয়ার পর তা বিশেষ সাধারণ সভায় ফের চূড়ান্ত অনুমোদনের জন্য পেশ করা হবে ৷
এর ফলে ক্লাব জোট এবং ফেডারেশনের নতুন বাণিজ্যিক অংশীদারী নিয়ে যে সমস্যা চলছিল, তা আরও ঘোরালো হয়ে উঠল ৷ অবস্থা এতটাই জটিল যে, জাতীয় দলের শিবির থেকে সাত ফুটবলারকে ফিরিয়ে আনল মোহনবাগান সুপার জায়ান্ট ৷ একই পথে হাঁটছে কেরালা ব্লাস্টার্সও ৷ ক্লাব সূত্রে খবর, সবুজ-মেরুনের সাত ফুটবলার ইউনিটি কাপে অংশগ্রহণের জন্য জাতীয় দলের অনুশীলনে যোগ দেবেন না। স্বাভাবিকভাবেই শনিবার রাতে দলের সঙ্গে লন্ডন যাওয়ার কথা থাকলেও যাচ্ছেন না বাগান ফুটবলাররা ৷ ক্লাব ও জাতীয় দলের সূচি নিয়ে অনিশ্চয়তার মধ্যেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা গিয়েছে ৷ চোটের জন্য ভারতীয় শিবিরে যোগ দিচ্ছেন না ইস্টবেঙ্গল ডিফেন্ডার আনোয়ার আলিও ৷ আইএসএল শেষ হতেই এই ঘটনা নতুন করে বিতর্ক উস্কে দিল ভারতীয় ফুটবলে ৷
দ্রুত ভারতীয় ফুটবলের রূপরেখা পরিষ্কার হওয়ার যে প্রত্যাশা করা হচ্ছিল, তা অধরা রইল ৷ ফের বাড়ল অপেক্ষা ৷ প্রসঙ্গত, ক্লাবজোট এফএসডিএলের বাণিজ্যিক সমীকরণের পক্ষে আইএসএলে অংশ নিতে পরোক্ষে রাজি ৷ পাশাপাশি এদিনের সভায় জাতীয় ক্রীড়া প্রশাসন আইন কার্যকর করার বিষয়ে সর্বসম্মত অনুমোদন দিল সর্বভারতীয় ফুটবল ফেডারেশন। খুব শীঘ্রই এই বিল কার্যকর করা হবে বলে জানা গিয়েছে ৷ এছাড়াও সদস্য রাজ্য সংস্থাগুলির জন্য নতুন খসড়া সংবিধান নিয়ে আলোচনা হয়েছে এবং মতামত জানানোর জন্য সময় বেঁধে দেওয়া হয়েছে।
শহর কলকাতায় শনিবারের এই বৈঠকে উপস্থিত ছিলেন এআইএফএফের এক্সিকিউটিভ কমিটির সদস্য থেকে শুরু করে বিভিন্ন রাজ্য সংস্থার প্রতিনিধিরা ৷ পাশাপাশি ছিলেন ফিফা এবং এশিয়ান ফুটবল কনফেডারেশনের প্রতিনিধিরাও ৷ রাজ্য সংস্থাগুলিকে জন্য নতুন খসড়া সংবিধান শীঘ্রই পাঠানো হবে ৷ সেই খসড়ার উপর চূড়ান্ত মতামত ও সংশোধনের প্রস্তাব দেওয়ার জন্য 15 দিনের সময়সীমা দেওয়া হয়েছে ৷ এরপর প্রাপ্ত মতামত খতিয়ে দেখে প্রয়োজনীয় পরিবর্তন আনা হবে ৷