• 'খেলো ইন্ডিয়া' প্রকল্প: দুঃস্থ ও প্রতিভাবান অ্যাথলিটদের জন্য বড় ঘোষণা রাজ্যের ক্রীড়ামন্ত্রীর
    eTV Bharat | ২৩ মে ২০২৬
  • শিলিগুড়ি, 23 মে: দীর্ঘদিনের অচলাবস্থা কাটিয়ে অবশেষে 'খেলো ইন্ডিয়া' প্রকল্পের মাধ্যমে জাতীয় স্তরের প্রতিযোগিতায় অংশ নেওয়ার সুযোগ পাবেন বাংলার অ্যাথলিটরা । এই প্রকল্পের মূল লক্ষ্য কেবল খেলাধূলার মানোন্নয়ন নয়, বরং রাজ্যের দুঃস্থ ও প্রতিভাবান খেলোয়াড়দের আর্থিক সংকট দূর করে তাঁদের স্বনির্ভর করে তোলা । রাজ্যের ক্রীড়ামন্ত্রী নিশীথ প্রামাণিকের ঘোষণায় রাজ্যজুড়ে ক্রীড়ামহলে নতুন আশার সঞ্চার হয়েছে ।

    শিলিগুড়িতে আয়োজিত এক অনুষ্ঠানে ক্রীড়ামন্ত্রী নিশীথ প্রামাণিক বিগত তৃণমূল সরকারের বিরুদ্ধে গুরুতর অভিযোগ আনেন । তিনি বলেন, "কেন্দ্রীয় সরকার ক্রীড়া উন্নয়নের লক্ষ্যে 'খেলো ইন্ডিয়া'-সহ একাধিক প্রকল্প চালু করলেও, রাজনৈতিক সংকীর্ণতার কারণে পশ্চিমবঙ্গের খেলোয়াড়রা দীর্ঘদিন সেই সুযোগ থেকে বঞ্চিত ছিলেন । তৎকালীন রাজ্য সরকার এই প্রকল্পগুলিকে কার্যকর হতে দেয়নি, যার ফলে বাংলার অ্যাথলিটরা জাতীয় স্তরে নিজেদের প্রতিভা প্রদর্শনের মঞ্চ পাননি ।"

    মন্ত্রী ক্ষোভ প্রকাশ করে বলেন, "অনেক প্রতিভাবান খেলোয়াড়, যারা বিশেষ করে উত্তরবঙ্গের দুঃস্থ পরিবার থেকে উঠে এসেছিলেন, আর্থিক প্রতিবন্ধকতার কারণে খেলা চালিয়ে যেতে পারেননি । বড় মঞ্চে আত্মপ্রকাশের সুযোগ না পাওয়ায় প্রতিভার অকাল মৃত্যু ঘটেছে ।"

    রাজনৈতিক পালাবদলের প্রেক্ষাপটে মন্ত্রী স্পষ্ট জানিয়েছেন, এখন থেকে রাজ্যের প্রতিটি জেলার খেলোয়াড়দের জন্য 'খেলো ইন্ডিয়া'র দুয়ার উন্মুক্ত । কোনও ইভেন্টেই অংশ নেওয়ার ক্ষেত্রে এখন আর কোনও নিষেধাজ্ঞা থাকবে না । মন্ত্রী আশাবাদী, দেশের বিভিন্ন প্রান্তের প্রতিযোগীদের সঙ্গে লড়াই করে বাংলার অ্যাথলিটরা নিজেদের দক্ষতা বহুগুণ বাড়িয়ে নিতে পারবেন । এই প্রতিযোগিতায় সাফল্য অর্জন করলে খেলোয়াড়রা বড় অংকের আর্থিক পুরস্কারও পাবেন, যা তাঁদের আর্থিক স্বনির্ভরতা অর্জনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে ।

    খেলাধূলার মানোন্নয়নের জন্য কেবল উৎসাহ নয়, পরিকাঠামো যে অত্যাবশ্যক, তা স্বীকার করে নিয়েছেন ক্রীড়ামন্ত্রী । নিশীথ প্রামাণিক বলেন, "গত 15 বছরে পশ্চিমবঙ্গের ক্রীড়াক্ষেত্র জাতীয় গড়ের তুলনায় অনেকটাই পিছিয়ে পড়েছে । এই পিছিয়ে থাকা পরিস্থিতিকে দ্রুত পরিবর্তনের জন্য সরকার বদ্ধপরিকর । উন্নয়ন এই পরিকল্পনায় রয়েছে ।"

    তিনি জানান, উত্তরবঙ্গ-সহ গোটা রাজ্যের পুরোনো ও জরাজীর্ণ স্টেডিয়ামগুলির আধুনিকীকরণ করা হবে । প্রয়োজন ও চাহিদার ভিত্তিতে বিভিন্ন জেলায় নতুন নতুন স্টেডিয়াম তৈরির পরিকল্পনা নেওয়া হয়েছে । তৃণমূলস্তর তথা গ্রামীণ পর্যায় থেকে ক্রীড়া পরিকাঠামোর আমূল পরিবর্তনের উদ্যোগ নেওয়া হবে ।

    মন্ত্রীর এই ঘোষণাকে স্বাগত জানিয়েছেন স্থানীয় ক্রীড়াবিদরা । রাজনৈতিক মতভেদ ভুলে এই উদ্যোগ বাস্তবায়িত হলে বাংলার খেলাধুলার মান যেমন উন্নত হবে, তেমনই বহু দুঃস্থ প্রতিভাবান খেলোয়াড় তাদের সুপ্ত প্রতিভার বিকাশে সঠিক দিশা পাবেন বলে মনে করা হচ্ছে ।
  • Link to this news (eTV Bharat)