নিজস্ব প্রতিনিধি, পানিহাটি: দক্ষিণ দমদম পুরসভার পুরপ্রধান পারিষদ (সিআইসি) সঞ্জয় দাসের রহস্যমৃত্যু। ১৮ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ছিলেন তিনি। আজ, শনিবার ভোররাতে নিজের ঘর থেকে তাঁকে ঝুলন্ত অবস্থায় উদ্ধার করা হয়। দক্ষিণ দমদম পুরসভার এক বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করে। প্রাথমিকভাবে পুলিশের অনুমান, সঞ্জয়বাবু আত্মহত্যা করেছেন। গোটা ঘটনার তদন্ত শুরু হয়েছে। এলাকায় শোকের ছায়া।
কাউন্সিলারকে শেষ শ্রদ্ধা জানাতে স্থানীয়দের ঢল দক্ষিণ দমদমের শীল কলোনি, জপুর ওয়ার্ড অফিসে। চোখের জলে শেষ বিদায় জানাতে হাজির আট থেকে আশি।