নিয়ম বহির্ভূত ভাবে নির্মাণ, ভুয়ো নথি তৈরি–সহ একগুচ্ছ অভিযোগ তুলে পুলিশের দ্বারস্থ হলেন এক ব্যক্তি। কলকাতা পুলিশের যুগ্ম কমিশনারের (ক্রাইম) কাছে পাঠানো এই অভিযোগে কলকাতা পুরসভা, কেএমডিএ এবং ওয়েস্ট বেঙ্গল রিয়েল এস্টেট রেগুলেটরি অথরিটির (রেরা) আধিকারিকদের একাংশের বিরুদ্ধেও আঙুল তোলা হয়েছে।
সুশান্ত রায় নামে ওই ব্যক্তির অভিযোগপত্রে শহরের তিনটি বহুতল নির্মাণে অনিয়মের বিষয়ে উল্লেখ করা হয়েছে। অভিযোগকারীর দাবি, কয়েকটি ক্ষেত্রে সরকারি প্রকল্পের জমি বেআইনি ভাবে কয়েকটি বেসরকারি সংস্থার হাতে তুলে দেওয়া হয়েছে। নির্মাণের ক্ষেত্রে নির্দিষ্ট বিধি লঙ্ঘন এবং ভুয়ো ইনস্পেকশন, মিউটেশন রিপোর্ট তৈরির মতো পদক্ষেপ করা হয়েছে বলেও অভিযোগ। চিঠিতে মোট ছ’জনের নামে অভিযোগ আনা হয়েছে। তাঁদের মধ্যে ‘কলকাতা পুরসভার মেয়র–ইন–কাউন্সিল জনাব ফিরহাদ হাকিম’–এর নামও রয়েছে। যদিও ফিরহাদ পুরসভার এমআইসি নন, মেয়র। এ নিয়ে শনিবার ফিরহাদের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, ‘এই বিষয়ে আমার কাছে কোনও খবর নেই। আমি কিছু জানিও না।’