• বঙ্গে শিল্পের বিকাশে বৈঠক নির্মলা–শমীকের
    এই সময় | ২৪ মে ২০২৬
  • এই সময়, নয়াদিল্লি: ৩৪ বছরের বাম শাসনের অবসানের সময়ে রাজ্যের আর্থিক দেনার পরিমাণ ছিল প্রায় ২ লক্ষ কোটি টাকা৷ আর দেড় দশকের তৃণমূল সরকারের পতনের সময়ে ঋণের অঙ্কটা পৌঁছে গিয়েছে প্রায় ৭ লক্ষ ৭১ হাজার কোটি টাকায়। এই পরিস্থিতিতে রাজ্যের আর্থিক হাল ফেরাতে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামনের দ্বারস্থ হলেন বিজেপির রাজ্য সভাপতি তথা রাজ্যসভার সাংসদ শমীক ভট্টাচার্য৷ শনিবার নির্মলার দিল্লির বাড়িতে আধ ঘণ্টারও বেশি সময় ধরে বৈঠক করেন শমীক। সূত্রের দাবি, সেখানে মূল আলোচ্য বিষয় ছিল রাজ্যের সার্বিক বিকাশ ও শিল্পায়ন৷

    কেন্দ্র–রাজ্যে ডাবল ইঞ্জিন সরকারের মাধ্যমে রাজ্যে শিল্প ও অর্থনৈতিক বিকাশের কথা বাংলায় ভোট প্রচারে এসে বারবার বলেছেন নরেন্দ্র মোদী–অমিত শাহরা। ‘সোনার বাংলা’ গড়ার আশ্বাসও দিয়েছেন। মুখ্যমন্ত্রী হওয়ার পরে শুভেন্দু অধিকারী তাঁর দিল্লি সফরে প্রধানমন্ত্রী, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে যে বৈঠক করেছেন, সেখানেও কেন্দ্র–রাজ্য যৌথ উদ্যোগে রাজ্যে শিল্পায়নের বিকাশের বিষয়টি গুরুত্ব পেয়েছে। সেই একই লক্ষ্যে এ দিন কেন্দ্রীয় অর্থমন্ত্রীর সঙ্গে বৈঠক করেন শমীক।

    পরে সাংবাদিক বৈঠকে শমীক জানান, অশোকনগর-রানাঘাট অঞ্চলে ভূগর্ভস্থ খনিজ তেল, পুরুলিয়ায় রেয়ার আর্থ মিনারেল এবং ঝাড়গ্রামে ম্যাঙ্গানিজ় উত্তোলন করার কাজে কেন্দ্রীয় অর্থমন্ত্রীর সহযোগিতা চেয়েছেন তিনি৷ বিজেপির রাজ্যসভার এই সাংসদের কথায়, ‘এই তিনটি প্রবল সম্ভাবনাময় ক্ষেত্রে কেন্দ্রীয় সাহায্য মিললে রাজ্যের অর্থনৈতিক দুরবস্থার ছবি পুরোপুরি বদলে যাবে৷’ দিল্লিতে সরকারি সূত্রের দাবি, বাংলার শিল্পায়নের জন্য কোনও বিশেষ আর্থিক প্যাকেজ দেওয়া সম্ভব কি না, নির্মলার সঙ্গে বৈঠকে তাও বিবেচনার আর্জি জানিয়েছেন শমীক৷ পাশাপাশি সিঙ্গুরের ইমিটেশন হাব, উত্তরবঙ্গের চা শিল্পের উন্নয়নেও কেন্দ্রীয় সহায়তা চেয়েছেন তিনি৷

    শমীকের কথায়, ‘বিগত পাঁচ দশকে পশ্চিমবঙ্গের শিল্পকে ধ্বংস করা হয়েছে। পশ্চিমবঙ্গ এখন পরিযায়ীদের রাজ্য হয়ে গিয়েছে। বাংলায় মাথাপিছু আয় তলানিতে গিয়ে ঠেকেছে৷ এই অবস্থা থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। প্রধানমন্ত্রী সোনার বাংলা তৈরি করার কথা বলেছেন। আমাদের স্বপ্ন আছে এবং স্বপ্নকে বাস্তবায়িত করার জন্য নির্দিষ্ট কর্মসূচি আছে, পরিকল্পনা আছে। পশ্চিমবঙ্গের বিপুুল ঋণের বিষয়ে কেন্দ্র সম্পূর্ণ অবহিত৷ এই অর্থনৈতিক অবস্থা থেকে বাংলার উত্তরণের পথ দেখাতে পারেন। তার জন্য যা করার, তিনি সেটা করবেন।’

    শমীক এও জানিয়েছেন, বিজেপির নির্বাচনী সংকল্পপত্রে যে সব প্রতিশ্রুতি দেওয়া হয়েছে তার সব ক’টিই পূরণ করা হবে৷ রাজ্য সরকারি কর্মীদের কেন্দ্রীয় হারে ডিএ দেওয়ার প্রতিশ্রুতিও পূরণ করা হবে বলে জানিয়েছেন শমীক৷

  • Link to this news (এই সময়)