• ফেরার বার্তা দিয়ে দরজা খুলছে ‘হাত’, ডাক তৃণমূলের নেতা–কর্মীদের?
    এই সময় | ২৪ মে ২০২৬
  • এই সময়: বিজেপি যখন দরজা বন্ধ করল, ঠিক তখনই দরজা খুলল কংগ্রেস! বঙ্গ–বিজেপি সভাপতি শমীক ভট্টাচার্য সাফ জানিয়ে দিয়েছেন, কোনও ভাবেই বিজেপির তৃণমূলীকরণ হবে না। তবে বাংলায় রাজনৈতিক পালাবদলের পরে জোড়াফুলের কিছু নেতা তলায় তলায় কংগ্রেসের সঙ্গে যোগাযোগ শুরু করেছেন বলে বিভিন্ন মহলে জোর জল্পনা। এই আবহে শনিবার প্রদেশ কংগ্রেসের তরফে বার্তা দেওয়া হলো, তাদের দরজা খোলা।

    শনিবার কলকাতায় মৌলালি যুবকেন্দ্রে কংগ্রেসের ‘আত্মসমীক্ষা ও ভবিষ্যৎ পরিকল্পনা’ নামে একটি পর্যালোচনা বৈঠক বসে। সেখানে পশ্চিমবঙ্গের দায়িত্বপ্রাপ্ত দলের কেন্দ্রীয় পর্যবেক্ষক গুলাম আহমেদ মির বলেন, ‘যাঁদের জন্ম কংগ্রেসে, কংগ্রেসে যাঁদের চোখ ফুটেছে, যাঁরা এই দলের আর্দশে বড় হয়েছেন, অথচ পরিস্থিতি, চাপ বা ক্ষোভের কারণে ডান অথবা বাম দিকে গিয়েছেন, তাঁদের ফিরে আসার এটাই সুবর্ণ সুযোগ। খোলা মনে বলছি, আমাদের দরজা খোলা।’ একই সুরে প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার বলেন, ‘আমাদের দরজা–জানলা খোলা। যে কোনও রাজনৈতিক দল থেকে আসতে পারেন। প্রাক্তন, বর্তমান বিধায়কদের অনেকেই আসতে চাইছেন কংগ্রেসে।’

    সরাসরি কোনও দলের নাম কংগ্রেস নেতৃত্ব উল্লেখ না করলেও ইঙ্গিতটা তৃণমূল বিধায়কদের দিকে বলেই মনে করছে রাজনৈতিক মহল। যদিও তৃণমূল নেতৃত্বের দাবি, তাঁদের দলের কেউ কংগ্রেসে যাওয়ার কথা ভাবছেন না। নির্বাচন পরবর্তী আবহে কংগ্রেস ঘোলা জলে মাছ ধরতে চাইছে। শমীক যখন বারবার বার্তা দিচ্ছেন, অন্য দলের জন্য বিজেপির দরজা বন্ধ হয়ে গিয়েছে, তখন কংগ্রেসের দরজা খোলার সিদ্ধান্ত যথেষ্ট ইঙ্গিতবাহী।

    শুধু দরজা খোলার বার্তাই নয়, ২১ জুলাই নিয়েও তৃণমূলের উপরে চাপ বাড়ানোর কৌশল নিয়েছে প্রদেশ কংগ্রেস। এ বছর তৃণমূলের ২১ জুলাই ‘শহিদ দিবস’ কর্মসূচিতে কতটা আড়ম্বর থাকবে, তা নিয়ে সংশয় তৈরি হয়েছে। কারণ, বিধানসভা নির্বাচনে পরাজয়ের ফলে দলের সর্বস্তরের নেতা–কর্মীর মনোবল তলানিতে। সেই সুযোগে কংগ্রেস চাইছে, ২১ জুলাই কর্মসূচির ‘অধিকার’ ফিরে পেতে। এ দিন প্রদেশ কংগ্রেস সভাপতি ঘোষণা করেন, এ বছর ২১ জুলাইয়ের কর্মসূচি তাঁরা শহিদ মিনারে করবেন।

    গত শতকের নয়ের দশকে কংগ্রেস ভেঙে মমতা বন্দ্যোপাধ্যায় অন্যদের নিয়ে তৃণমূল গঠন করেছিলেন। তৃণমূলই ২১ কার্যত কংগ্রেসের থেকে এই কর্মসূচি ‘হাইজ্যাক’ করে পালন করত বলে কংগ্রেস নেতাদের অভিযোগ। প্রদেশ কংগ্রেস কার্যালয় বিধান ভবনেই দলের তরফে শহিদ দিবস পালন হয়েছে এত কাল। তৃণমূল কংগ্রেসের শোচনীয় হারের পরে এ বার শহিদ মিনারে ২১ জুলাই পালনের ডাক দেওয়ার ঘটনাও অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করছে রাজনৈতিক মহল।

  • Link to this news (এই সময়)